৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | ১৯শে শাবান, ১৪৪৭ হিজরি

পোস্টাল ব্যালটে শূন্য সহনশীলতা নীতি, কোনো আপোষ নয়: ইসি মাছউদ

মো. সাইফুল ইসলাম, নীলফামারী প্রতিনিধি:

পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণের ক্ষেত্রে নির্বাচন কমিশন কোনো ধরনের ছাড় বা আপোষের পথে হাঁটবে না বলে কঠোর অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ। তিনি বলেছেন, নির্বাচনের স্বচ্ছতা ও গ্রহণযোগ্যতা প্রশ্নবিদ্ধ হয়—এমন কোনো পরিস্থিতি কমিশন কোনোভাবেই মেনে নেবে না।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকালে নীলফামারী সরকারি কলেজের হলরুমে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে ভোটগ্রহণকারী কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

নির্বাচন কমিশনার বলেন, “প্রবাসী ভোট ও পোস্টাল ব্যালট ব্যবস্থাপনায় আমরা শতভাগ সতর্ক অবস্থানে রয়েছি। এক শতাংশের ক্ষেত্রেও কারো সঙ্গে আপোষ করা হবে না। প্রয়োজনে ভোট নষ্ট হবে, তবুও নির্বাচনের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন ওঠে—এমন কোনো পোস্টাল ব্যালট গ্রহণ করা হবে না। এটি আমাদের কাছে সম্পূর্ণ নতুন একটি ব্যবস্থা। ফলে এর সুষ্ঠু বাস্তবায়নে আমরা জিরো টলারেন্স নীতি অনুসরণ করছি। এই বার্তাটি আপনাদের মাধ্যমে জাতিকে স্পষ্টভাবে আশ্বস্ত করতে চাই।”

সম্প্রতি লুট হওয়া অস্ত্র উদ্ধারের অগ্রগতি প্রসঙ্গে ইসি মাছউদ বলেন, “এটা সত্য যে একটি প্রোপটে উল্লেখযোগ্য সংখ্যক অস্ত্র লুটের ঘটনা ঘটেছিল। তবে আমার জানা মতে, এর অধিকাংশই ইতোমধ্যে উদ্ধার করা হয়েছে। কিছু অস্ত্র এখনও উদ্ধারাধীন থাকলেও সার্বিক নিরাপত্তা পরিস্থিতির জন্য এটিকে বড় ধরনের হুমকি হিসেবে দেখা হচ্ছে না।”

তিনি আরও বলেন, “অস্ত্র উদ্ধারের অভিযান অব্যাহত রয়েছে। টুকটাক কিছু অস্ত্র অবশিষ্ট থাকলেও তা নির্বাচনের পরিবেশ বা আইনশৃঙ্খলা পরিস্থিতিতে কোনো ধরনের নেতিবাচক প্রভাব ফেলবে না বলে আমরা আশাবাদী।”

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন নীলফামারী জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ নায়িরুজ্জামান। সভায় বিশেষ অতিথি ও বক্তা হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক সাইদুল ইসলাম, রংপুর অঞ্চলের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা দেলোয়ার হোসেন এবং নীলফামারী জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ লুৎফুল কবির।

সভায় নির্বাচনকালীন আইনশৃঙ্খলা, ভোটগ্রহণ প্রক্রিয়ার শৃঙ্খলা ও কর্মকর্তাদের দায়িত্ব-কর্তব্য নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top