৯ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | ২১শে শাবান, ১৪৪৭ হিজরি

তালায় চাঁদার দাবিতে সংখ্যালঘুর ওপর হামলা, পিতা–কন্যা আহত

কাজী রিয়াজ, তালা (সাতক্ষীরা) প্রতিনিধি:

সাতক্ষীরার তালা উপজেলায় চাঁদার দাবিতে সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ উঠেছে।

এ ঘটনায় এক কলেজ শিক্ষক ও তার পাঁচ বছর বয়সী কন্যা গুরুতর আহত হয়েছেন।

সোমবার (৯ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে তালা উপজেলার কৃষ্ণনগর ব্রিজের ওপর এ ঘটনা ঘটে। আহতরা হলেন মাগুরা আইডিয়াল মহিলা কলেজের অধ্যাপক হিরন্ময় মণ্ডল এবং তার কন্যা নাতাশা মণ্ডল (৫)।

ভুক্তভোগী অধ্যাপক হিরন্ময় মণ্ডল জানান, তার কন্যা দীর্ঘদিন ধরে অসুস্থ এবং চিকিৎসার জন্য নিয়মিত ভারতে যাতায়াত করতে হয়। সোমবার সকালে মেয়েকে নিয়ে পাসপোর্ট অফিসে যাওয়ার পথে কৃষ্ণনগর ব্রিজে পৌঁছালে টিকারামপুর গ্রামের খালেক সরদারের ছেলে সজীব সরদার চাঁদা দাবি করে তার মোটরসাইকেল আটকানোর চেষ্টা করে।

তিনি আরও বলেন, দ্রুত চলে যাওয়ার চেষ্টা করলে সজীব সরদার লোহার রড দিয়ে তার মেয়ের মাথায় আঘাত করে। এতে তারা মোটরসাইকেলসহ সড়কে পড়ে যান। এরপর সজীব তাকে হাত-পায়ে মারধর করে। সঙ্গে টাকা না থাকায় পাশের দুইজন তৃতীয় লিঙ্গের ব্যক্তির কাছ থেকে ধার করে এক হাজার টাকা দিলে হামলাকারী ঘটনাস্থল ত্যাগ করে।
পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে অভিযুক্ত সজীব সরদার এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছে। তার বিরুদ্ধে নিয়মিত মাদক সেবন ও বিক্রি, চাঁদাবাজি, লুটপাট ও দখলবাজির অভিযোগ রয়েছে। তার ভয়ে স্থানীয় সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ মুখ খুলতে সাহস পান না। এর আগেও তার বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে আটক হওয়ার অভিযোগ রয়েছে।

এ বিষয়ে অভিযুক্ত সজীব সরদারের বক্তব্য জানার চেষ্টা করা হলে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top