মোঃ হাচান আল মামুন, দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনকালীন সার্বিক নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি মোকাবিলায় খাগড়াছড়ির দীঘিনালা জোনের উদ্যোগে নির্বাচনী মহড়া অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৯ ফেব্রুয়ারি) দুপুর ২টায় দীঘিনালা উপজেলার রসিক নগর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ মহড়ার আয়োজন করা হয়।
নির্বাচনী মহড়াটি পরিদর্শন করেন খাগড়াছড়ি ২০৩ পদাতিক ব্রিগেডের ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল কেএম ওবায়দুল হক। এ সময় তিনি মহড়ার বিভিন্ন ধাপ পর্যবেক্ষণ করেন এবং নির্বাচনকালীন শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে নিরাপত্তা বাহিনীর সমন্বিত ও পেশাদার ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।
মহড়ায় আরও উপস্থিত ছিলেন দীঘিনালা জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোঃ আল-আমিন, উপ-অধিনায়ক মেজর শিহাবুন সাকিব রূশাদ, পিএসসি এবং মেজর মোঃ তৌকির আহমেদসহ সংশ্লিষ্ট কর্মকর্তা ও সদস্যরা। তারা সক্রিয়ভাবে মহড়ায় অংশগ্রহণ করেন।
মহড়ার মাধ্যমে ভোটগ্রহণ কেন্দ্রের নিরাপত্তা নিশ্চিতকরণ, নির্বাচনী উপকরণ পরিবহন, আইনশৃঙ্খলা রক্ষা, জরুরি পরিস্থিতিতে দ্রুত প্রতিক্রিয়া এবং বিভিন্ন নিরাপত্তা বাহিনীর মধ্যে কার্যকর সমন্বয় যাচাই করা হয়।
সংশ্লিষ্টরা জানান, মহড়াটি সফলভাবে সম্পন্ন হওয়ায় নির্বাচনকালীন প্রস্তুতি আরও সুসংহত হয়েছে।