১০ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | ২২শে শাবান, ১৪৪৭ হিজরি

নীলফামারীতে লক্ষাধিক মানুষের অংশগ্রহণে ধানের শীষের নির্বাচনী শোডাউন

মো. সাইফুল ইসলাম, নীলফামারী প্রতিনিধি:

প্রচার-প্রচারণার শেষ দিনে নীলফামারীতে ব্যাপক জনসমাগমের মধ্য দিয়ে নির্বাচনী শক্তি প্রদর্শন করেছে জেলা বিএনপি। ৯ ফেব্রুয়ারি (মঙ্গলবার) বিকেলে প্রায় লক্ষাধিক ভোটারের অংশগ্রহণে ধানের শীষ প্রতীকের পক্ষে এক বিশাল গণমিছিল ও নির্বাচনী শোডাউন অনুষ্ঠিত হয়। নীলফামারী-২ (সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিনের নেতৃত্বে এই কর্মসূচি পালিত হয়।

জেলা শহরের ডিসি মোড় থেকে শুরু হওয়া গণমিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ডোমার সড়কের রুবেল চত্বরে গিয়ে শেষ হয়। এর আগে ডিসি চত্বরে আয়োজিত এক সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন প্রার্থী প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিন।

জেলা বিএনপির আহ্বায়ক মীর সেলিম ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশটি পরিচালনা করেন জেলা বিএনপির সদস্য সচিব এএইচ এম সাইফুল্লাহ রুবেল। সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন প্রার্থী তুহিনের পিতা ও প্রয়াত বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ভগ্নিপতি অধ্যাপক রফিকুল ইসলাম। এছাড়াও জেলা ও উপজেলার বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের একাধিক নেতা বক্তব্য রাখেন।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিন বলেন, “১২ ফেব্রুয়ারি জনগণের ক্ষমতায়নের দিন, পরিবর্তনের দিন। এই দিনটি নীলফামারীর জন্য একটি নতুন সূচনার সুযোগ। আমি নীলফামারীকে বদলে দিতে চাই—উন্নয়ন, কর্মসংস্থান ও মানুষের অধিকার প্রতিষ্ঠার মাধ্যমে। সেই লক্ষ্য বাস্তবায়নে আপনাদের সমর্থন প্রয়োজন। আপনারা আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করলে জনগণের সেবায় কাজ করার সুযোগ পাবো।”

তিনি আরও বলেন, ভোটের মাধ্যমে জনগণের মালিকানা পুনঃপ্রতিষ্ঠা করাই বিএনপির রাজনীতির মূল লক্ষ্য। এ সময় উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশে ভোটকেন্দ্রে ভোটার উপস্থিতি নিশ্চিত করার আহ্বান জানান তিনি।

গণমিছিল ও সমাবেশে বিএনপির পাশাপাশি দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক অংশ নেন। শেষ দিনের এই কর্মসূচিকে ঘিরে জেলা শহরজুড়ে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয় এবং ধানের শীষ প্রতীকের পক্ষে স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top