১০ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | ২২শে শাবান, ১৪৪৭ হিজরি

২৯৯ আসনে ব্যালট পৌঁছেছে, নির্বাচন ও গণভোটের সব প্রস্তুতি সম্পন্ন: ইসি সচিব

নিজস্ব প্রতিনিধি:

দেশের ২৯৯টি আসনে ব্যালট পেপার পৌঁছে দেওয়ার মধ্য দিয়ে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেল-এর হলরুমে বিদেশি সাংবাদিকদের জন্য তথ্য অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত ‘মিডিয়া সেন্টার’ উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

ইসি সচিব জানান, শেরপুর-৩ আসন ব্যতীত দেশের ২৯৯টি আসনের সব ব্যালট পেপার ও নির্বাচনী উপকরণ ইতোমধ্যে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তাদের কাছে পৌঁছে গেছে। সেখান থেকে পর্যায়ক্রমে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও মাঠপর্যায়ের কর্মকর্তাদের কাছে এসব উপকরণ হস্তান্তর করা হচ্ছে। এর মাধ্যমে ভোটগ্রহণের জন্য প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে উল্লেখ করেন তিনি।

তিনি বলেন, “আমরা আগামী ১২ ফেব্রুয়ারি সকালে ভোটের মাধ্যমে একটি যুগান্তকারী সন্ধিক্ষণে পৌঁছাবো। এটি আমাদের দেশের নতুন একটি অধ্যায়ের শুভ সূচনা হবে। এই পথ সহজ ছিল না; বহু বাধা অতিক্রম করেই আমরা এই পর্যায়ে এসেছি।”

ভোট গণনা প্রসঙ্গে আখতার আহমেদ বলেন, ১২ ফেব্রুয়ারি বিকেল সাড়ে ৪টায় ভোটগ্রহণ শেষ হওয়ার পর কেন্দ্রভিত্তিক ফলাফল প্রথমে সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে যাবে। পরে রিটার্নিং কর্মকর্তা এসব ফলাফল সংকলন করে নির্বাচন কমিশনে পাঠাবেন। কমিশন পর্যায়ক্রমে আনুষ্ঠানিকভাবে ফলাফল প্রকাশ করবে।

তিনি আরও জানান, এবারই প্রথমবারের মতো পোস্টাল ব্যালটের জন্য রিটার্নিং কর্মকর্তার দপ্তরে আলাদা ভোটকেন্দ্র স্থাপন করা হয়েছে। পোস্টাল ব্যালট গণনায় কাঠামোগত যাচাই-বাছাইয়ের প্রয়োজন হওয়ায় এসব কেন্দ্রের ফল পেতে কিছুটা সময় লাগতে পারে। তবে ফল প্রকাশ অযথা দীর্ঘায়িত হবে না বলে আশ্বস্ত করেন তিনি।

অনুষ্ঠানে ইসি সচিব বলেন, নির্বাচন কমিশন নিয়মিত তথ্য সরবরাহ করবে এবং প্রয়োজন অনুযায়ী ব্যাখ্যাও দেবে। একই সঙ্গে তিনি অপতথ্য ও অপপ্রচার থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে সাংবাদিকদের বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের অনুরোধ করেন। তিনি বলেন, “সত্য যতই কঠিন হোক না কেন, আমরা সেটাই বলব।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন তথ্য সচিব মাহবুবা ফারজানা, পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় ও নির্বাচন কমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top