১১ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | ২৩শে শাবান, ১৪৪৭ হিজরি

বগুড়ায় ভোটের সরঞ্জাম বিতরণ পরিদর্শনে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দল

জীব হাসান, (বগুড়া) প্রতিনিধি:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বগুড়ায় ভোটের সরঞ্জাম বিতরণ কার্যক্রম পরিদর্শন করেছেন ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দল। বুধবার সকাল ১০টার দিকে প্রতিনিধি দলের সদস্য পল ক্যামেলিয়ার ও ইভিলিন কিভিমা বগুড়া সদর উপজেলা পরিষদ মিলনায়তনে যান।

সেখানে তারা ব্যালট পেপার, ব্যালট বাক্সসহ বিভিন্ন নির্বাচন সরঞ্জাম বিতরণ কার্যক্রম ঘুরে দেখেন এবং দায়িত্বরত নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। জেলা নির্বাচন অফিস সূত্র জানায়, বগুড়ার ১২টি উপজেলায় মোট ৯৮৩টি ভোটকেন্দ্রে পর্যায়ক্রমে ভোটের সরঞ্জাম পাঠানো হচ্ছে।

প্রিজাইডিং অফিসারদের মাধ্যমে সংশ্লিষ্ট কেন্দ্রগুলোতে এসব সরঞ্জাম পৌঁছে দেওয়া হচ্ছে। প্রতিটি কেন্দ্রে ব্যালট পেপার, ব্যালট বাক্স, সিল, স্ট্যাম্প, ফরম ও প্রয়োজনীয় নির্বাচন সামগ্রী সরবরাহ করা হচ্ছে।

বগুড়া সদর উপজেলার ১৫০টি ভোটকেন্দ্রের সরঞ্জাম উপজেলা পরিষদ মিলনায়তন থেকে বিতরণ করা হচ্ছে। সকাল ১০টা থেকে আনুষ্ঠানিকভাবে সরঞ্জাম হস্তান্তর কার্যক্রম শুরু হয়। সহকারী রিটার্নিং অফিসার আব্দুল ওয়াজেদ, অতিরিক্ত পুলিশ সুপার মোস্তফা মঞ্জুর এবং উপজেলা নির্বাচন অফিসার জায়েদ ইবনে আবুল ফজল প্রিজাইডিং অফিসারদের হাতে সরঞ্জাম তুলে দেন।
বগুড়া-৬ (সদর) আসনটি রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ।

এ আসনে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানসহ মোট ৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। জেলার ৭টি সংসদীয় আসনে বিভিন্ন রাজনৈতিক দলের মোট ৩৪ জন প্রার্থী নির্বাচনে অংশ নিচ্ছেন। অংশগ্রহণকারী দলগুলোর মধ্যে রয়েছে বিএনপি, জামায়াত, ইসলামী আন্দোলন, জাতীয় পার্টি, বাসদ, সিপিবিসহ অন্যান্য দল। বগুড়া জেলায় ১২টি উপজেলা ও ১১টি পৌরসভা রয়েছে।

জাতীয় সংসদের ৭টি আসনে মোট ভোটার সংখ্যা ২৯ লাখ ৮১ হাজার ৯৪০ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১৪ লাখ ৮০ হাজার ৮৭১ জন, নারী ভোটার ১৫ লাখ ১ হাজার ৭ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ৪২ জন। জেলায় স্থায়ী ও অস্থায়ী মিলিয়ে মোট ভোটকক্ষ রয়েছে ৫ হাজার ৫৭৮টি। সহকারী রিটার্নিং অফিসার আব্দুল ওয়াজেদ বলেন, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। নির্ধারিত সময় অনুযায়ী ভোটের সরঞ্জাম সংশ্লিষ্ট কেন্দ্রে পাঠানো হচ্ছে। তিনি আশা প্রকাশ করেন, উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হবে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top