সজীব হাসান, (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার শাহজাহানপুর উপজেলায় অস্বাস্থ্যকর পরিবেশে পা দিয়ে ময়দা মাড়িয়ে লাচ্ছা সেমাই তৈরির অভিযোগে একটি কারখানাকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। রবিবার বগুড়া জেলা প্রশাসনের সহযোগিতায় বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, জেলা কার্যালয় অভিযান পরিচালনা করে। উপজেলার মাদলা ইউনিয়নের পূর্বপাড়া এলাকায় অবস্থিত “নিউ মাইশা স্পেশাল সেমাই” কারখানায় এ অভিযান চালানো হয়।
অভিযানকালে কারখানায় পা দিয়ে ময়দার ডো তৈরি, অত্যন্ত অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাদ্য উৎপাদন, এবং বিএসটিআইয়ের মানসনদ ও অনুমোদন ছাড়া সেমাই উৎপাদন ও মোড়কজাত করার প্রমাণ পাওয়া যায়। এসব অপরাধে দোষ স্বীকারের ভিত্তিতে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আজাদ হোসেনের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত কারখানাটিকে ৬০ হাজার টাকা জরিমানা করেন এবং তা আদায় করা হয়।
একই সঙ্গে অনিরাপদ খাদ্য ও উপকরণ বিধি অনুযায়ী জব্দকৃত পণ্য জনসম্মুখে ধ্বংস করা হয়। অভিযানে নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. রাসেলসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। সার্বিক নিরাপত্তার দায়িত্বে ছিল জেলা পুলিশের একটি দল। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।