নিজস্ব প্রতিনিধি:
দেড় বছরেরও বেশি সময় বন্ধ থাকার পর ঢাকা–আগরতলা রুটে যাত্রীবাহী বাস সার্ভিস পুনরায় চালু হয়েছে। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বিকেলে ত্রিপুরা রোড ট্রান্সপোর্ট করপোরেশনের (টিআরটিসি) একটি বাস পাঁচজন যাত্রী নিয়ে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে বাংলাদেশে প্রবেশ করে।
আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট সূত্রে জানা গেছে, ২০২৪ সালে রাজনৈতিক পরিবর্তনের পর ঢাকা–আগরতলা রুটে বাস চলাচল বন্ধ হয়ে যায়। একই সময়ে বাংলাদেশি নাগরিকদের জন্য ভারতের ভিসা পরিষেবাও সীমিত করা হয়েছিল। পরবর্তীতে চলতি বছরের জানুয়ারির শেষ সপ্তাহ থেকে টিআরটিসি পরীক্ষামূলকভাবে বাস চলাচল শুরু করে।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, মঙ্গলবার সকালে ঢাকা থেকে ছেড়ে যাওয়া একটি বাস আখাউড়া স্থলবন্দর হয়ে আগরতলায় পৌঁছায়। সেখানে বাসটিকে স্বাগত জানান ত্রিপুরা রাজ্য সরকারের পরিবহনমন্ত্রী সুশান্ত চৌধুরী ও টিআরটিসির ভারপ্রাপ্ত চেয়ারম্যান সমর রায়। এর মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে পুনরায় চালু হয় ঢাকা–আগরতলা বাস যোগাযোগ।
আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট পুলিশের উপ-পরিদর্শক (এসআই) শরীফ রহমান জানান, বাসটি জানুয়ারি মাস থেকে পরীক্ষামূলকভাবে চলাচল করছিল এবং মঙ্গলবার থেকে আনুষ্ঠানিকভাবে সার্ভিস শুরু হয়েছে। প্রাথমিকভাবে সপ্তাহে দুই দিন বাস চলাচল করবে।
তিনি আরও জানান, প্রথম দিনে বাসের স্টাফ ও যাত্রী মিলিয়ে নয়জন ঢাকা থেকে আগরতলায় ভ্রমণ করেছেন। আগরতলা থেকে ঢাকায় ফেরার পথে বাসটিতে ছিলেন পাঁচজন যাত্রী।