মো. সাইফুল ইসলাম, নীলফামারী প্রতিনিধি:
নীলফামারী-২ (সদর) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য এডভোকেট আল ফারুক আব্দুল লতিফ-কে সংবর্ধনা প্রদান ও ইফতার মাহফিলের আয়োজন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নীলফামারী জেলা শাখা।
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) বিকাল ৫টায় নীলফামারী শহরের স্টেশন রোডস্থ ডালপট্টি এনসিপি জেলা কার্যালয়ে আয়োজিত এ অনুষ্ঠানে জেলা এনসিপির আহ্বায়ক আব্দুল মজিদের সভাপতিত্বে সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য এডভোকেট আল ফারুক আব্দুল লতিফ বলেন, নীলফামারী-২ আসনের সার্বিক উন্নয়ন, টেকসই অবকাঠামো সম্প্রসারণ এবং স্বাস্থ্যখাতের মানোন্নয়নে তিনি সবাইকে সঙ্গে নিয়ে সম্মিলিতভাবে কাজ করতে চান।
জনগণের আস্থা ও ভালোবাসার প্রতিদান দিতে তিনি সর্বদা এলাকার মানুষের পাশে থাকবেন উল্লেখ করে তিনি বলেন, উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে তিনি সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রাখবেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নীলফামারী শহর শাখার আমীর আনোয়ারুল ইসলাম, শহর নায়েবে আমীর আনোয়ারুল হক শাহ, শহর সেক্রেটারি এডভোকেট আনিছুর রহমান আজাদ, শহর সহ-সেক্রেটারি এডভোকেট মামুনুর রশীদ পাটোয়ারী ও হাফিজুর রহমান।
এছাড়াও উপস্থিত ছিলেন ব্যবসায়ী সমিতির নেতা সুলতান মাহমুদ, এনসিপি নীলফামারী জেলার যুগ্ম আহ্বায়ক মো. সামসুল হক শাহ ও মোহাইমেনুর রহমান সানা, জেলা ছাত্রশক্তির আহ্বায়ক সিজান, পৌর কমিটির সাংগঠনিক সম্পাদক ফারুক আহমেদ এবং জেলা ছাত্রশক্তির সদস্য সচিব এস এম ইফতেখারুল হক আবিরসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।
সংবর্ধনা অনুষ্ঠান শেষে দেশ, জাতি ও জনগণের কল্যাণ কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
পরে আয়োজিত ইফতার মাহফিলে অতিথিবৃন্দ ও উপস্থিত মুসল্লিরা একসঙ্গে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানটি নীলফামারীর রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে মিলনমেলায় পরিণত হয় বলে আয়োজকরা জানান।