মোঃ নুর আলম পাপ্পুঃ খোকসা (কুষ্টিয়া) প্রতিনিধি:
কুষ্টিয়ার খোকসা উপজেলার মানিকাট গ্রামে আওয়ামী লীগ ও বিএনপি সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সৃষ্ট এ সংঘর্ষে মোঃ কামরুল ইসলাম (৫২) নামে এক বিএনপি সমর্থক গুরুতর আহত হয়েছেন।
মঙ্গলবার গতকাল ২৪ ফেব্রুয়ারি রাত আনুমানিক ৮ টা ৩০ মিনিটে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, মানিকাট গ্রামের আওয়ামী লীগ সমর্থক মোঃ সাইফুল ইসলাম (৩৬) ও বিএনপি সমর্থক মোঃ কামরুল ইসলামের মধ্যে দীর্ঘদিন ধরে এলাকায় প্রভাব বিস্তার নিয়ে বিরোধ চলে আসছিল। অভিযোগ রয়েছে, কামরুল ইসলাম বিএনপির সমর্থক হওয়ায় এ বিরোধী এর সৃষ্টি হয় এরই ধারাবাহিকতায় গতকাল কামরুল ইসলাম বাড়ি থেকে মানিকাট স্কুল মোড়ের দিকে পৌঁছালে কথা কাটাকাটির একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে।
এ সময় সাইফুল ইসলামের নেতৃত্বে ৪/৫ জনের একটি দল লাঠিসোঁটা ও লোহার রড দিয়ে হামলা চালায় বলে আহতের পরিবারের দাবি। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ ভর্তি করেন। চিকিৎসকরা জানান, আহতের শরীরের বিভিন্ন স্থানে আঘাত রয়েছে; তবে বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছে।
ঘটনার খবর পেয়ে হাসপাতালে আহতকে দেখতে যান খোকসা উপজেলা বিএনপি সভাপতি মোঃ আলাউদ্দিন খাঁন, তিনি আহতের খোঁজখবর নেন এবং চিকিৎসা ও আইনি সহায়তার আশ্বাস দেন। এ সময় তিনি বলেন, রাজনৈতিক প্রতিহিংসা থেকে এ ধরনের হামলা দুঃখজনক। আমরা চাই প্রশাসন নিরপেক্ষ তদন্ত করে দোষীদের দ্রুত আইনের আওতায় আনুক। এছাড়া খোকসা উপজেলা বিএনপি ও শিমুলিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান, সাংগঠনিক সম্পাদক মোঃ মমিনুর রহমান মমিন,
হাসপাতালে গিয়ে আহতের পাশে দাঁড়ান। তিনি বলেন, খোকসায় শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশ বজায় রাখা জরুরি। সন্ত্রাস ও সহিংসতার মাধ্যমে কোনো পক্ষই এলাকায় আধিপত্য বিস্তার করতে পারবে না। আমরা প্রশাসনের কঠোর পদক্ষেপ প্রত্যাশা করছি। এ বিষয়ে খোকসা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মোতালেব হোসেন জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এলাকায় অতিরিক্ত পুলিশি নজরদারি বাড়ানো হয়েছে। সংঘর্ষের পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। তবে পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে বলে পুলিশ জানিয়েছে। স্থানীয় সচেতন মহল রাজনৈতিক সহনশীলতা ও শান্তিপূর্ণ সহাবস্থানের আহ্বান জানিয়েছেন।