মো. সাইফুল ইসলাম, নীলফামারী প্রতিনিধি:
নীলফামারীর ডিমলায় তিস্তা নদী থেকে অবৈধভাবে পাথর উত্তোলনের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে উপজেলা প্রশাসন। অবৈধ উত্তোলন ও পরিবহনের দায়ে ১১টি ইঞ্জিনচালিত নৌকাসহ একাধিক সরঞ্জাম বিনষ্ট করা হয়েছে।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে ডিমলা উপজেলার টেপাখড়িবাড়ি ও খালিশাচাপানি ইউনিয়নের তিস্তা নদীসংলগ্ন এলাকায় এই অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইমরানুজ্জামান। তাকে সহায়তা করেন সহকারী কমিশনার (ভূমি) রওশন কবিরসহ বিজিবি ও পুলিশের সদস্যরা।
প্রশাসন ও স্থানীয় সূত্র জানায়, একটি প্রভাবশালী চক্র দীর্ঘদিন ধরে তিস্তা নদী থেকে অবৈধভাবে পাথর উত্তোলন করে বাজারজাত করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানের সময় প্রশাসনের উপস্থিতি টের পেয়ে উত্তোলনকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরবর্তীতে নদী থেকে উত্তোলিত পাথর বহনে ব্যবহৃত ১১টি ইঞ্জিনচালিত নৌকা এবং ৬টি শ্যালো মেশিন ধ্বংস করা হয়।
এ বিষয়ে ইউএনও ইমরানুজ্জামান বলেন, “তিস্তা নদী থেকে অবৈধভাবে পাথর উত্তোলন সম্পূর্ণভাবে বন্ধ করতে হবে। প্রশাসনের পক্ষ থেকে আমরা এ বিষয়ে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছি। আজকের অভিযানে অবৈধ কাজে ব্যবহৃত নৌকা ও সরঞ্জাম বিনষ্ট করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”
প্রশাসনের এই অভিযানে নদীর পরিবেশ ও প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় ইতিবাচক ভূমিকা রাখবে বলে মনে করছেন।