৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | ১৮ই রমজান, ১৪৪৭ হিজরি

তালায় যাকাত শীর্ষক সেমিনার ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

কাজী রিয়াজ, তালা (সাতক্ষীরা) প্রতিনিধিঃ
সাতক্ষীরার তালায় বাংলাদেশ জামায়াতে ইসলামী তালা উপজেলা শাখার উদ্যোগে ‘যাকাত শীর্ষক সেমিনার ও ইফতার মাহফিল–২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৫ মার্চ) বেলা ২টায় তালা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা আমীর মাওলানা মফিদুল্লাহর সভাপতিত্বে এবং মাওলানা কবিরুল ইসলামের পরিচালনায় পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা–১ (তালা–কলারোয়া) আসনের মাননীয় সংসদ সদস্য অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জত উল্লাহ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা জামায়াতের আমীর উপাধ্যক্ষ মোঃ শহিদুল ইসলাম মুকুল এবং জেলা নায়েবে আমীর ডা. মাহমুদুল হক।
এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাস্টার আঃ মালেক, সেক্রেটারি অধ্যাপক ইদ্রিস আলী, সহ-সেক্রেটারি মাওলানা মাছুম বিল্লাহসহ বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জত উল্লাহ বলেন, ইসলাম একটি পরিপূর্ণ জীবন বিধান। ইসলামের একটি বিধান মানলাম আর অন্যটি মানলাম না—এভাবে ইসলাম পালন করা যায় না। দেশে প্রকৃত শান্তি প্রতিষ্ঠা করতে হলে ইসলামী জীবন বিধান ও কোরআনের আইন প্রতিষ্ঠা করতে হবে।
তিনি বলেন, ইসলামে যাকাত প্রদান করা বিত্তশালীদের জন্য ফরজ ইবাদত।

যাদের উপর যাকাত ফরজ করা হয়েছে তারা যদি তা যথাযথভাবে আদায় না করেন, তবে তাদের কঠোর শাস্তি ভোগ করতে হবে। সমাজ থেকে দারিদ্র্য বিমোচনের জন্য যাকাতভিত্তিক অর্থনীতি চালু করা প্রয়োজন।

তিনি আরও বলেন, মুসলিম জাহানের নেতা হযরত মুহাম্মদ (সা.) অসহায় ও দরিদ্র মানুষের কল্যাণে যাকাতভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থা চালু করেছিলেন। আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে দলীয় কর্মীদের বিত্তশালীদের কাছ থেকে যাকাত ও ফিতরা সংগ্রহ করে দরিদ্রদের মাঝে বিতরণ করার আহ্বান জানান তিনি।
এ সময় তিনি মাদকাসক্তির ভয়াবহতা তুলে ধরে বলেন, মাদক আজ যুবসমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। এ পরিস্থিতি থেকে যুব সমাজকে রক্ষা করতে সমাজের সচেতন মানুষ, আলেম-ওলামা এবং বিশেষ করে মসজিদের ইমামদের এগিয়ে আসতে হবে। পাশাপাশি মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণে পুলিশ প্রশাসনকে আরও সচেতন ও সক্রিয় হওয়ার আহ্বান জানান তিনি।

সেমিনারে বক্তারা যাকাতের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে বলেন, যাকাত কেবল একটি ধর্মীয় বিধান নয়; বরং এটি সমাজের অর্থনৈতিক ভারসাম্য রক্ষার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। পবিত্র রমজানের শিক্ষাকে কাজে লাগিয়ে ব্যক্তি ও সমাজ জীবনে ইসলামের আদর্শ বাস্তবায়নের আহ্বান জানান তারা।
সেমিনার শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া করা হয় এবং উপস্থিত সকলের সম্মানে ইফতার পরিবেশন করা হয়।
এর আগে সংসদ সদস্য অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জত উল্লাহ তালা উপজেলার বিভিন্ন সরকারি দপ্তর পরিদর্শন করেন। বিকালে তিনি তালা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মাঝিয়াড়া এলাকায় পথসভা ও মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন। পরে ইসলামকাটি সুজনশাহা ফুটবল মাঠে আয়োজিত ইফতার মাহফিলে যোগ দেন।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top