মো. সাইফুল ইসলাম, নীলফামারী প্রতিনিধি:
“পাট শিল্প গড়ে তুলুন, কর্মসংস্থান সৃষ্টি করুন” প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারীতে জাতীয় পাট দিবস-২০২৬ যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে জেলা প্রশাসন ও পাট অধিদপ্তরের যৌথ উদ্যোগে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
শুক্রবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারীর ভারপ্রাপ্ত জেলা প্রশাসক সাইদুল ইসলাম। সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জ্যোতি বিকাশ চন্দ্র।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য প্রদান করেন জেলা পাট উন্নয়ন কর্মকর্তা এটিএম তৈবুর রহমান। আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন জেলা সমবায় কর্মকর্তা মশিউর রহমান, পাট চাষি প্রতিনিধি অলিয়ার রহমান এবং সৈয়দপুর এন্টারপ্রাইজের প্রধান নির্বাহী কর্মকর্তা এহসানুল হাবিবসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাবৃন্দ ও বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।
বক্তারা তাঁদের বক্তব্যে দেশের অর্থনীতিতে পাট শিল্পের ঐতিহ্যবাহী অবদান, পরিবেশবান্ধব বৈশিষ্ট্য এবং বিশ্ববাজারে পাটজাত পণ্যের সম্ভাবনাময় অবস্থান তুলে ধরেন। একই সঙ্গে আধুনিক প্রযুক্তির ব্যবহার, উৎপাদনশীলতা বৃদ্ধি এবং উদ্যোক্তা উন্নয়নের মাধ্যমে পাট শিল্পকে আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে ভারপ্রাপ্ত জেলা প্রশাসক সাইদুল ইসলাম বলেন, দেশের ঐতিহ্যবাহী ‘সোনালি আঁশ’ খ্যাত পাট শিল্পের হারানো গৌরব পুনরুদ্ধারে সরকার নানামুখী পদক্ষেপ গ্রহণ করেছে। ইতোমধ্যে দীর্ঘদিন বন্ধ থাকা কয়েকটি রাষ্ট্রায়ত্ত জুটমিল পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হয়েছে এবং পাটজাত পণ্যের বহুমুখী ব্যবহার সম্প্রসারণে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।
তিনি আরও বলেন, পাটের উৎপাদন বৃদ্ধি ও পাটভিত্তিক শিল্পায়ন সম্প্রসারণের মাধ্যমে গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করা সম্ভব। একই সঙ্গে নতুন উদ্যোক্তা সৃষ্টি ও বাজার সম্প্রসারণের মাধ্যমে কর্মসংস্থানের নতুন ক্ষেত্র তৈরি হবে, যা দেশের টেকসই অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এর আগে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জ্যোতি বিকাশ চন্দ্রের নেতৃত্বে একটি বর্ণাঢ্য র্যালি জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে বের হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। র্যালিতে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, পাট চাষি, উদ্যোক্তা ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।