মো. সাইফুল ইসলাম, নীলফামারী প্রতিনিধি:
ইংল্যান্ডের জনপ্রিয় ঘরোয়া ক্রিকেট টুর্নামেন্ট ‘দ্য হানড্রেড’–এর এবারের নিলামে চূড়ান্ত তালিকায় জায়গা পেয়েছেন বাংলাদেশের দুই ক্রিকেটার। তাদের একজন নীলফামারীর লেগ স্পিনার রিশাদ হোসেন। আগামী ১১ ও ১২ মার্চ লন্ডনে আনুষ্ঠানিকভাবে এই নিলাম অনুষ্ঠিত হবে।
এবারের নিলামের জন্য শুরুতে বাংলাদেশের ২৩ জন ক্রিকেটার নাম নিবন্ধন করলেও শেষ পর্যন্ত চূড়ান্ত তালিকায় জায়গা পান মাত্র দুজন—বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমান ও লেগ স্পিনার রিশাদ হোসেন। বাংলাদেশের কোনো ক্রিকেটার এর আগে এই টুর্নামেন্টে অংশ নেননি।
নিলামে মোস্তাফিজুর রহমানের ভিত্তিমূল্য ধরা হয়েছে এক লাখ পাউন্ড, যা সর্বোচ্চ ক্যাটাগরি। অন্যদিকে রিশাদ হোসেনের ভিত্তিমূল্য ৭৫ হাজার পাউন্ড, যা বাংলাদেশিদের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ। তিনি স্পিনারদের টায়ার–ওয়ান ক্যাটাগরিতে রয়েছেন।
এবারের নিলামে অংশ নিতে প্রায় এক হাজার ক্রিকেটার নাম লিখিয়েছিলেন। প্রাথমিক বাছাই শেষে তালিকা কমিয়ে আনা হয়েছে ৪২৫ জনে। এর মধ্যে পুরুষ ক্রিকেটার ২৪৭ জন এবং নারী ক্রিকেটার ১৭৮ জন। বিভিন্ন ফ্র্যাঞ্চাইজির পাঠানো ৭৫ থেকে ১০০ জনের সংক্ষিপ্ত তালিকার ভিত্তিতেই এই তালিকা চূড়ান্ত করা হয়।
তবে বাংলাদেশের বেশ কয়েকজন তারকা ক্রিকেটার এই তালিকায় জায়গা পাননি। তাদের মধ্যে রয়েছেন—নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, তানজিম হাসান, তানজিদ হাসান, সাইফ হাসান, হাসান মাহমুদ, মোহাম্মদ নাঈম, শরিফুল ইসলাম, তাইজুল ইসলাম, শামীম হোসেন, নাজমুল হোসেন, তাওহীদ হৃদয়, সাব্বির রহমান ও সৌম্য সরকারসহ আরও কয়েকজন।
রিশাদ হোসেন নীলফামারী সদর উপজেলার টুপামারী ইউনিয়নের নিজপাড়া গ্রামের নূর আলমের ছেলে। তিনি নীলফামারী শহরের ছমির উদ্দিন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী ছিলেন। ২০১৮ সালে সেখান থেকে এসএসসি পাস করেন তিনি। খেলার ব্যস্ততার কারণে এইচএসসি পরীক্ষায় অংশ নিতে পারেননি।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে এক ম্যাচে ১ উইকেট নেওয়ার পাশাপাশি ১৮ বলে অপরাজিত ৪৮ রান করে দলকে জয় এনে দিয়ে আলোচনায় আসেন এই লেগ স্পিনার। ২০২৪ সালের আইসিসি পুরুষ টি-টোয়েন্টি বিশ্বকাপে তিনি ষষ্ঠ সর্বোচ্চ উইকেট শিকারি ছিলেন।
রিশাদের এই সাফল্যে পরিবার, বন্ধু ও শিক্ষকদের মধ্যে আনন্দের পরিবেশ বিরাজ করছে। তবে স্থানীয় কিছু ভক্তের অভিযোগ, বিভিন্ন সাক্ষাৎকারে তাকে নীলফামারীর কথা খুব একটা বলতে দেখা যায় না।
৬ মার্চ জেলা সদরের চাঁদেরহাট এলাকার বাসিন্দা শ্রী বাবু শর্মা বলেন, “রিশাদ আমাদের নীলফামারীর গর্ব। আমরা তাকে নিয়ে অনেক কথা বলি। কিন্তু বিভিন্ন সাক্ষাৎকারে তাকে নীলফামারীর কথা বলতে দেখা যায় না—এটা আমাদের কষ্ট দেয়।”
তবুও আন্তর্জাতিক অঙ্গনে নীলফামারীর এই তরুণ ক্রিকেটারের সাফল্যে জেলার ক্রীড়াপ্রেমীদের মধ্যে উচ্ছ্বাস বিরাজ করছে।