৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | ১৮ই রমজান, ১৪৪৭ হিজরি

নীলফামারীতে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের ৬ষ্ঠ ব্যাচের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

মো. সাইফুল ইসলাম, নীলফামারী প্রতিনিধি:

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন যুব উন্নয়ন অধিদপ্তর বাস্তবায়িত “দেশের ৬৪ জেলায় শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবদের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি” শীর্ষক প্রকল্পের আওতায় নীলফামারীতে ৬ষ্ঠ ব্যাচের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৬ মার্চ) সারাদেশের ন্যায় একযোগে নীলফামারীতেও লিখিত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। আগামী শনিবার (৭ মার্চ) নির্বাচিত প্রার্থীদের মৌখিক পরীক্ষা গ্রহণ করা হবে।

ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেডের আয়োজনে জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের হলরুমে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ বছর নীলফামারীর ছয়টি উপজেলা থেকে প্রায় ১২০০ জন আবেদন করলেও লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করেন ৪৪৩ জন প্রার্থী।

পরীক্ষা কার্যক্রম পরিদর্শন করেন যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) মো. হাসান আলী। এ সময় উপস্থিত ছিলেন ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেডের কো-অর্ডিনেটর ছবি রানী, সহকারী কো-অর্ডিনেটর ইসরাত তামান্না, ডিজিটাল মার্কেটিং ট্রেইনার মো. সাব্বির আহমেদ, সহকারী ট্রেইনার সৈকত জামিল, গ্রাফিক্স ডিজাইন ট্রেইনার আব্দুল হালিম ও রেজাউল করিম হীরা প্রমুখ।

পরীক্ষায় অংশগ্রহণকারী প্রার্থী বুহাইরা তানজিম সিলভা ও আনিকা কাসফিয়া জানান, লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হলে তারা গ্রাফিক্স ডিজাইন, ডিজিটাল মার্কেটিং এবং সফট স্কিল বিষয়ে তিন মাসব্যাপী প্রশিক্ষণ গ্রহণের সুযোগ পাবেন।

প্রকল্প সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ইতোমধ্যে পাঁচটি ব্যাচে মোট ৩০০ জন যুবক ও যুবতী প্রশিক্ষণ সম্পন্ন করেছেন। তাদের মধ্যে ৬০ শতাংশেরও বেশি সরাসরি আয়মুখী কর্মকাণ্ড ও উদ্যোক্তা উদ্যোগের সঙ্গে সম্পৃক্ত হয়েছেন।
প্রশিক্ষণ চলাকালে প্রত্যেক প্রশিক্ষণার্থীকে দৈনিক ২০০ টাকা ভাতা প্রদান করা হবে। পাশাপাশি সকালের নাস্তা, দুপুরের খাবার, বিকেলের নাস্তা এবং প্রয়োজনীয় প্রশিক্ষণ উপকরণ সরবরাহ করা হবে।

ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেডের কো-অর্ডিনেটর ছবি রানী বলেন, এ প্রকল্পের মাধ্যমে দক্ষ জনশক্তি তৈরি, আত্মকর্মসংস্থান সৃষ্টি, বেকারত্ব হ্রাস এবং নতুন উদ্যোক্তা তৈরির যে লক্ষ্য নির্ধারণ করা হয়েছে, তা ইতোমধ্যে বাস্তবায়নের পথে অগ্রসর হচ্ছে। সরকারের সরাসরি তদারকিতে এ উদ্যোগ দেশের তরুণদের জন্য সম্ভাবনার নতুন দিগন্ত উন্মোচন করছে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top