মোঃ আমিরুল হক, রাজবাড়ী প্রতিনিধি:
রাজবাড়ীর পাংশা উপজেলায় প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীরের উপস্থিতিতে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে গণ্যমান্য ব্যক্তিবর্গের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উন্নয়ন প্রকল্পের অগ্রগতি, স্থানীয় সমস্যা এবং সম্ভাব্য সমাধান নিয়ে এ সভায় বিস্তারিত আলোচনা হয়।
শনিবার (১৪ মার্চ) দুপুরে পাংশা উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম এবং রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য মোঃ হারুন অর রশিদ।
এ সময় উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলা প্রশাসক মিজ সুলতানা আক্তার, পুলিশ সুপার মোঃ মনজুর মোরশেদ, পাংশা উপজেলা নির্বাহী অফিসার মোঃ রিফাতুল হক, সহকারী পুলিশ সুপার (পাংশা সার্কেল) দেবব্রত সরকার, পাংশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মইনুল ইসলাম, পাংশা উপজেলা বিএনপির সভাপতি চাঁদ আলী খান, পাংশা পৌর বিএনপির সভাপতি বাহারাম সর্দারসহ উপজেলার বিভিন্ন দপ্তরের প্রধান এবং রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ।
মতবিনিময় সভায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা নিজ নিজ দপ্তরের চলমান উন্নয়ন প্রকল্পের অগ্রগতি, বাস্তবায়নে বিদ্যমান সমস্যা এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত উপস্থাপনা দেন। পাশাপাশি উপজেলার গণ্যমান্য ব্যক্তিবর্গ স্থানীয় বিভিন্ন সমস্যা, অবকাঠামো উন্নয়ন এবং জনসেবার মানোন্নয়নের বিষয়ে গুরুত্বপূর্ণ মতামত তুলে ধরেন।
বক্তারা বলেন, এ ধরনের সমন্বয় সভা উপজেলার সার্বিক উন্নয়ন কর্মকাণ্ডকে আরও গতিশীল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে স্থানীয় পর্যায়ে উত্থাপিত সমস্যা দ্রুত সমাধানের মাধ্যমে উন্নয়ন কার্যক্রমকে এগিয়ে নেওয়া সম্ভব হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।
সভায় উপজেলার উন্নয়ন কর্মকাণ্ডে সকল দপ্তরের মধ্যে সমন্বয় বাড়িয়ে জনগণের প্রত্যাশা পূরণে কাজ করার আহ্বান জানানো হয়।