মোঃ নুর আলম পাপ্পু, খোকসা (কুষ্টিয়া) প্রতিনিধি:
কুষ্টিয়ার খোকসায় উপজেলা বিএনপির আয়োজনে পবিত্র রমজান উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এ সময় বিএনপির সাবেক চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া করা হয়।
শনিবার (১৪ মার্চ) বিকেলে খোকসা পৌর মাঠে অনুষ্ঠিত এ দোয়া ও ইফতার মাহফিলে উপজেলা ও পৌর বিএনপিসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুষ্টিয়া জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য সৈয়দ মেহেদী আহম্মেদ রুমী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খোকসা উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান সৈয়দ আমজাদ আলী।
এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যাপক আনিসুজ্জামান স্বপন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও শিমুলিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ মমিনুর রহমান মমিন, খোকসা পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক মোঃ নাফিজ আহম্মেদ রাজু, পৌর এলাকার সাবেক ছাত্রনেতা মোঃ রবিন রায়হান জসিম, সাবেক ছাত্রনেতা জুবায়ের রহমান জ্যাকিসহ খোকসা উপজেলার ৯টি ইউনিয়নের বিএনপির নেতৃবৃন্দ ও সাবেক চেয়ারম্যানরা।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জানিপুর ইউনিয়ন বিএনপির নেতা মোঃ শামীম কাজী। প্রধান অতিথির বক্তব্যে সৈয়দ মেহেদী আহম্মেদ রুমী বলেন, “যারা বিএনপির নাম ব্যবহার করে রাজনীতি করে আবার নির্বাচনের সময় অন্য দলে গিয়ে বা জামায়াতকে ভোট দিয়ে বেঈমানি করে, তাদের বিএনপির রাজনীতিতে কোনো প্রয়োজন নেই।
বিএনপি আদর্শের দল, এখানে বিশ্বাসঘাতকদের কোনো স্থান নেই।”তিনি আরও বলেন, ইতিহাসে মিরজাফরের যেমন সম্মানজনক স্থান হয়নি, তেমনি যারা দলের সাথে বেঈমানি করেছে তাদেরও কোথাও জায়গা হবে না।
আজ যারা সুবিধার জন্য দল বদল করে বা দলের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, সময় হলে জনগণই তাদের বিচার করবে।” রুমী বলেন, “আমি রাজনীতি করি মানুষের সেবার জন্য। অতীতেও মানুষের পাশে ছিলাম, এখনও আছি, ইনশাআল্লাহ বেঁচে থাকলে মানুষের কল্যাণে কাজ করে যাবো। খোকসা ও কুষ্টিয়ার উন্নয়ন এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে।
তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন,“দলের দুর্দিনে যারা পাশে থাকে তারাই প্রকৃত কর্মী। আর যারা সুবিধা নেওয়ার জন্য আসে, সময় হলে তারাই প্রথম পালিয়ে যায়। তাই আদর্শের রাজনীতি করতে হলে ঐক্যবদ্ধ থাকতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে খোকসা উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান সৈয়দ আমজাদ আলী বলেন,“বিএনপি গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার দল।
দলের কঠিন সময়ে যারা ত্যাগ স্বীকার করে আন্দোলন-সংগ্রাম চালিয়ে গেছেন, তারাই বিএনপির প্রকৃত শক্তি। আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থেকে দলের আদর্শ ও নেতৃত্বকে আরও শক্তিশালী করতে হবে।”
তিনি বলেন, “খোকসায় বিএনপি একটি শক্ত অবস্থানে রয়েছে। নেতাকর্মীদের মধ্যে ঐক্য থাকলে কোনো অপশক্তিই বিএনপির অগ্রযাত্রা থামাতে পারবে না।
অনুষ্ঠানে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যাপক আনিসুজ্জামান স্বপন বলেন,“বিএনপির রাজনীতি হলো জনগণের অধিকার আদায়ের রাজনীতি। আগামী দিনের আন্দোলন-সংগ্রামে সবাইকে প্রস্তুত থাকতে হবে।”
উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মমিনুর রহমান মমিন বলেন, “দলের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের সম্পর্কে সবাইকে সচেতন থাকতে হবে এবং দলীয় শৃঙ্খলা বজায় রেখে সংগঠনকে শক্তিশালী করতে হবে।
দোয়া ও ইফতার শেষে বিএনপির সাবেক চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে এবং দেশের শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত করা হয়। এরপর উপস্থিত নেতাকর্মী ও অতিথিদের নিয়ে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।