সাজ্জাদ হোসেন সাজু, ফরিদপুর প্রতিনিধি:
ফরিদপুরের চরভদ্রাসন সদর বাজারে প্রকাশ্যে বিক্রি হচ্ছে বিভিন্ন ধরনের উচ্চ শব্দ উৎপাদনকারী আতশবাজি। বাজারের বিভিন্ন দোকান ও অস্থায়ী স্টলে চকলেট বাজি, কালিপটকা, সলতাবাজি এবং ব্যাটারি বাজিসহ নানা ধরনের আতশবাজি বিক্রি করতে দেখা যাচ্ছে।
স্থানীয়দের অভিযোগ, এসব আতশবাজি কিনে কিশোর ও তরুণরা অবাধে ব্যবহার করছে। এতে আশপাশের এলাকায় সৃষ্টি হচ্ছে তীব্র শব্দদূষণ। বিশেষ করে সন্ধ্যা ও রাতের সময় এসব বাজির বিকট শব্দে শিশু, বৃদ্ধ এবং অসুস্থ ব্যক্তিরা চরম ভোগান্তিতে পড়ছেন।
স্থানীয় বাসিন্দারা জানান, হঠাৎ করে বিকট শব্দে ছোট শিশুদের মধ্যে আতঙ্ক তৈরি হচ্ছে এবং অনেক বয়স্ক মানুষও অসুস্থ হয়ে পড়ছেন। এছাড়া শিক্ষার্থীদের পড়াশোনাতেও বিঘ্ন ঘটছে।
সচেতন মহল মনে করছেন, উচ্চ শব্দ উৎপাদনকারী এসব আতশবাজির অবাধ বিক্রি ও ব্যবহার বন্ধে প্রশাসনের দ্রুত পদক্ষেপ নেওয়া জরুরি। তারা বলেন, শব্দদূষণ রোধে বাজারে এসব আতশবাজি বিক্রি নিয়ন্ত্রণ এবং ব্যবহার বন্ধে আইন প্রয়োগ করা দরকার।
এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর উদ্যোগ নেয়ার দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।