১৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ২৮শে রমজান, ১৪৪৭ হিজরি

খোকসায় ফের ভেজাল গুড় কারখানায় অভিযান, লাখ টাকা জরিমানা

মোঃ নুর আলম পাপ্পু, খোকসা কুষ্টিয়াঃ

কুষ্টিয়ার খোকসা উপজেলার কালীবাড়ি রোড এলাকায় অবস্থিত নৃত্য গোপাল সাহার কথিত ভেজাল গুড় উৎপাদনকারী কারখানা ‘মাতৃভান্ডার’-এ ফের মোবাইল কোর্ট পরিচালনা করে এক লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে। একই সঙ্গে বিপুল পরিমাণ ভেজাল গুড় জব্দ করা হয়েছে।

মঙ্গলবার (দুপুরে) পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছা. তাসমিন জাহান। অভিযানে কারখানার মালিক নৃত্য গোপাল সাহাকে পাওয়া না গেলেও তার সহধর্মিনী প্রতিভা রানীকে আটক করা হয়।

মোবাইল কোর্ট সূত্রে জানা যায়, কারখানায় অস্বাস্থ্যকর পরিবেশে পচা ও দুর্গন্ধযুক্ত গুড় উৎপাদন করা হচ্ছিল। এ সময় খাইছোডা, ফিটকারি এবং ডাইং রং মিশ্রিত বিভিন্ন উপাদান উদ্ধার করা হয়, যা জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ।

অভিযানে মোট ৫৬৮ টিন দোজালি গুড় জব্দ করা হয়। জব্দকৃত এসব গুড় স্থানীয় ব্যবসায়ী আনিসুর রহমানের জিম্মায় রাখা হয়েছে এবং পরবর্তীতে নিরাপদ খাদ্য অধিদপ্তরের পরীক্ষার জন্য পাঠানো হবে বলে জানা গেছে।

ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫০ ধারায় প্রতিভা রানীকে এক লাখ টাকা জরিমানা করা হয়।

উল্লেখ্য, এর মাত্র কয়েকদিন আগেই একই কারখানায় অভিযান চালিয়ে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছিল। তবে প্রশাসনের সেই অভিযানের পরও অবৈধ কার্যক্রম বন্ধ না করে পুনরায় ভেজাল গুড় উৎপাদন অব্যাহত রাখায় এবার আরও কঠোর পদক্ষেপ গ্রহণ করা হয় বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছা. তাসমিন জাহান জানান, “জব্দকৃত গুড় পরীক্ষায় মানসম্মত প্রমাণিত হলে তা বাজারজাতের অনুমতি দেওয়া হবে। অন্যথায় সব গুড় ধ্বংস করা হবে।”

অভিযান পরিচালনার সময় খোকসা থানা পুলিশের একটি দল সার্বিক সহায়তা প্রদান করে। স্থানীয়দের মধ্যে এ অভিযানে স্বস্তি ফিরে এসেছে। তবে তারা স্থায়ীভাবে ভেজাল খাদ্য উৎপাদন বন্ধে নিয়মিত নজরদারি জোরদারের দাবি জানিয়েছেন।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top