আখলাক হুসাইন, সিলেট প্রতিনিধিঃ
সিলেটের গোয়াইনঘাট উপজেলার ফতেপুর ইউনিয়নস্থ বাংলাবাজার রাহমানিয়া মহিলা টাইটেল মাদরাসায় আল খলীল কুরআন শিক্ষা বোর্ডের অধিনে পবিত্র রমজানুল মোবারক উপলক্ষে মাসব্যাপী কুরআন শিক্ষা প্রশিক্ষণ শেষে এক স্নিগ্ধ, মার্জিত ও দ্বীনি আবহে সম্পন্ন হলো পুরস্কার বিতরণী অনুষ্ঠান। এ আয়োজন যেন ছিল নারীর দ্বীনি শিক্ষা, শালীনতা ও আদর্শ গঠনের এক উজ্জ্বল প্রতিচ্ছবি।
মঙ্গলবার (১৭ মার্চ) দুপুর ১২টায় মাদরাসার শিক্ষার্থী মিলনায়তনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রশিক্ষণ কেন্দ্রের পরিচালক হাফিজ মাওলানা রুহুল আমীন এবং সঞ্চালনায় ছিলেন সেন্টারের প্রধানকারী মাওলানা আখলাক হুসাইন। কুরআন তিলাওয়াতের মধুর ধ্বনিতে সূচিত এ আয়োজন ধীরে ধীরে রূপ নেয় এক হৃদয়ছোঁয়া ও প্রেরণামূলক আসরে।
প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শিক্ষানুরাগী, তথ্য ও প্রযুক্তিবিদ, এনসিপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী প্রকৌশলী রাশেল উল আলম। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জুলাই আন্দোলনের অগ্রনায়ক , বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের সাবেক কেন্দ্রীয় সভাপতি হাফিজ মাওলানা বিলাল আহমদ চৌধুরী।
প্রধান অতিথির বক্তব্যে রাশেল উল আলম বলেন, “একটি আদর্শ সমাজ গঠনের পেছনে নারীর ভূমিকা অপরিসীম। একজন শিক্ষিত, দ্বীনদার মা পুরো একটি প্রজন্মকে সঠিক পথে পরিচালিত করতে পারেন। তাই কুরআনের শিক্ষা অর্জনে নারীদের অগ্রসর হওয়া সময়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ দাবি। এই মাদরাসার শিক্ষার্থীরা আগামী দিনের আলোকিত পরিবার ও সমাজ বিনির্মাণে অগ্রণী ভূমিকা রাখবে—এই প্রত্যাশা রাখি।”
বিশেষ অতিথির বক্তব্যে হাফিজ মাওলানা বিলাল আহমদ চৌধুরী বলেন, “ইসলাম নারীদের সম্মান ও মর্যাদার যে উচ্চ আসনে অধিষ্ঠিত করেছে, তা কুরআনের শিক্ষার মাধ্যমেই বাস্তবায়িত হয়। একজন নারী যদি কুরআনের আলোয় নিজেকে গড়ে তোলে, তবে তার পরিবার, সন্তান ও সমাজ স্বাভাবিকভাবেই সঠিক দিকনির্দেশনা পায়। এই প্রশিক্ষণ কার্যক্রম সেই আলোকিত নারী সমাজ গঠনেরই একটি প্রশংসনীয় উদ্যোগ।”
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মাদরাসার সিনিয়র শিক্ষক হাফিজ মাওলানা সালিম ইবনে ওমর, মাওলানা উবায়দুল্লাহ, প্রশিক্ষণ সেন্টারের সহকারীকারী হাফিজ মাওলানা সাজিদুর রহমান শামীম, সহকারী শিক্ষক হাফিজ মাওলানা মুহাম্মদ আলী এবং হাফিজ সায়েল আহমদ।
বক্তব্য পর্ব শেষে মোনাজাতের পূর্বে কুরআন শিক্ষা প্রশিক্ষণে অংশগ্রহণকারী কৃতী ছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পুরস্কার বিতরণী পরিচালনা করেন হাফিজ মাওলানা সালিম ইবনে ওমর। এ সময় শিক্ষার্থীদের মুখে ফুটে ওঠে আনন্দ ও অর্জনের উজ্জ্বল দীপ্তি, যা উপস্থিত অভিভাবকদের মাঝেও ছড়িয়ে দেয় তৃপ্তি ও গর্বের অনুভূতি।
পরিশেষে মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়। এ আয়োজন যেন ছিল কুরআনের আলোয় আলোকিত এক আদর্শ নারী প্রজন্ম গড়ে তোলার দৃঢ় অঙ্গীকারের বাস্তব প্রতিফলন।