মো. সাইফুল ইসলাম, নীলফামারী প্রতিনিধি:
পবিত্র ঈদুল ফিতর-এর আনন্দ যখন চারদিকে ছড়িয়ে পড়েছে, ঠিক সেই মুহূর্তে সমাজের অবহেলিত প্রবীণদের মুখে হাসি ফোটাতে মানবিক উদ্যোগ নিলেন নীলফামারীর জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ নায়িরুজ্জামান।
কিশোরগঞ্জ উপজেলার নিরাপদ বৃদ্ধাশ্রমে তিনি পাঠিয়েছেন ঈদের উপহার, যেন একাকী এই মানুষগুলোর দিনটিও হয়ে ওঠে আনন্দময়।
শনিবার (২১ মার্চ) দুপুরে জেলা প্রশাসনের সহকারী কমিশনার আসাদুজ্জামান বৃদ্ধাশ্রমে উপস্থিত হয়ে এসব উপহার সামগ্রী বিতরণ করেন। এসময় উপজেলা প্রশাসনের কর্মকর্তা মুকুল ইসলাম ও বৃদ্ধাশ্রমের পরিচালক সাজিউর রহমান সাজুসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসনের পক্ষ থেকে পাঠানো খাদ্যসামগ্রী, মিষ্টি ও নতুন কাপড় পেয়ে বৃদ্ধাশ্রমে বসবাসরত প্রবীণ নারী-পুরুষদের মাঝে নেমে আসে এক আবেগঘন আনন্দের পরিবেশ। ঈদের দিনে এমন স্নেহভরা উপহার যেন তাদের নিঃসঙ্গ জীবনে এনে দেয় আপনজনের স্পর্শ।
বৃদ্ধাশ্রমের বাসিন্দা মনোয়ার হোসেন আবেগাপ্লুত কণ্ঠে বলেন, “ঈদের দিন আমাদের জন্য খাবার পাঠানো হয়েছে, আমরা খুবই খুশি।”
আরেক বাসিন্দা হাসনা বেগম বলেন, “নতুন কাপড় আর খাবার পেয়ে আজকের দিনটা আমাদের কাছে বিশেষ হয়ে উঠেছে।”
বৃদ্ধাশ্রমের পরিচালক সাজিউর রহমান সাজু জানান, জেলা প্রশাসকের এই মানবিক উদ্যোগে বাসিন্দারা ভীষণ আনন্দিত হয়েছেন।
এ বিষয়ে সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান বলেন, “জেলা প্রশাসক স্যারের পক্ষ থেকে আমরা এই উপহার পৌঁছে দিয়েছি। আমাদের প্রত্যাশা—সমাজের এই প্রবীণ মা-বাবারা যেন সবসময় ভালো থাকেন, নিরাপদ থাকেন।”
ঈদের দিনে এমন মানবিক উদ্যোগ আবারও প্রমাণ করে—সামান্য যত্ন আর ভালোবাসাই পারে মানুষের জীবনে সত্যিকারের আনন্দ এনে দিতে।