২৪শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ৫ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

“আমি মন্ত্রী বাহাদুর নই, আমি জনগণের সেবক”—মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান

মনির হোসেন (সখিপুর উপজেলা প্রতিনিধি):

সখিপুর উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান অঙ্কুর বিদ্যানিকেতনের দেড় যুগ (১৮ বছর) পূর্তি উপলক্ষে প্রথম পুনর্মিলনী অনুষ্ঠান জাঁকজমকপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী এবং সখিপুর-বাসাইলের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব অ্যাডভোকেট আহমেদ আযম খান।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন,“আমি মন্ত্রী বাহাদুর নই, আমি জনগণের সেবক। আপনারা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন বলেই আমি এই দায়িত্ব পেয়েছি—এজন্য আমি আপনাদের কাছে চিরকৃতজ্ঞ।”

তিনি আরও জানান, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী তিনি নিয়মিত এলাকায় গিয়ে জনগণের প্রয়োজনগুলো নোট করেন এবং সেগুলো বাস্তবায়নে কাজ করছেন।প্রধানমন্ত্রীর প্রশংসা করে তিনি বলেন, তিনি অত্যন্ত সাদাসিধে জীবনযাপন পছন্দ করেন এবং সাধারণ মানুষের মতোই চলাফেরা করেন।

উক্ত অনুষ্ঠানে তাঁর সহধর্মিণী নাসরিন সিদ্দিকাও উপস্থিত ছিলেন। তিনি বলেন, নির্বাচনের আগে জনগণকে দেওয়া প্রতিশ্রুতিগুলো ইনশাআল্লাহ পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে।

অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন অর্থ মন্ত্রণালয়ের উপসচিব আমিন শরীফ সুপন। সভাপতিত্ব করেন আলহাজ মজিবুর রহমান ফকির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সখিপুর আবাসিক মহিলা অনার্স কলেজের অধ্যক্ষ এম. এ. রউফ, বড়চওনা-কুতুবপুর ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নাজমুল আলম, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সিকদার মো. সবুর রেজা, উপজেলা বিএনপির সদস্য ও কুতুবপুর বাজারের সাধারণ সম্পাদক আব্দুস সবুর (তুলা), বড়চওনা ইউনিয়ন বিএনপির সভাপতি আরিফুল ইসলাম মিজান এবং সাধারণ সম্পাদক আশরাফ হোসেন (মেম্বার)সহ আরও অনেকেই।

এছাড়াও বিএনপি অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এবং অঙ্কুর বিদ্যানিকেতনের বর্তমান ও সাবেক শিক্ষক-শিক্ষিকাবৃন্দ উপস্থিত ছিলেন।

পুরো আয়োজন জুড়ে সাধারণ মানুষ ও দলীয় নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়,দলীয় নেতাকর্মীদের সাথে কথা বলে সেই বিষয়টি লক্ষ্য করা যায়। বড়চওনা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক নাজমুল হাসানকে তার অনুভূতির কথা জানতে চাইলে তিনি বলেন, “আমাদের নেতা মন্ত্রী হওয়ার পর প্রথমবার আমাদের এলাকায় এসেছেন—এতে আমরা অত্যন্ত আনন্দিত।”

অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা।এতে ঢাকা থেকে আগত ‘স্বরূপ’ ব্যান্ড এবং সঙ্গীতশিল্পী মুনিয়া মুনসহ দেশবরেণ্য শিল্পীরা সংগীত পরিবেশন করেন।

সবশেষে, সফলভাবে অনুষ্ঠান সম্পন্ন হওয়ায় অঙ্কুর বিদ্যানিকেতনের প্রধান শিক্ষক এম. তোফায়েল আহমেদ সকল অতিথি, শিক্ষক, শিক্ষার্থী ও অংশগ্রহণকারীদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top