মো. সাইফুল ইসলাম, নীলফামারী প্রতিনিধি:
নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় সক্রিয় একটি সংঘবদ্ধ সাইবার প্রতারণা চক্রের ছয় সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। সাইবার সুরক্ষা আইন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা মামলায় মঙ্গলবার বিকালে তাদেরকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার গভীর রাতে বড়ভিটা বাজার সংলগ্ন একটি ক্লাবঘরে অভিযান চালানো হয়। এসময় ঘটনাস্থল থেকে ছয়জনকে হাতেনাতে আটক করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন—বড়ভিটা বড় ডুমরিয়া পাইকারটারী গ্রামের রফিকুল ইসলামের ছেলে সাজু খান (৩৫), একই গ্রামের মাহাতাব উদ্দিনের ছেলে আসাদুজ্জামান (৪০), মহির উদ্দিনের ছেলে তানভীর আহমেদ মিজান (৩০), দেলোয়ার হোসেনের ছেলে তানজিদ হোসেন (২৪), সাদুরারপুল গ্রামের তাজুল ইসলামের ছেলে তৌহিদুল ইসলাম (৩০) এবং উত্তর বড়ভিটা ডাংগাপাড়া গ্রামের মৃত মকছুদার রহমানের ছেলে আলাল ইসলাম (৩৫)।
কিশোরগঞ্জ থানার এসআই কাজী রিপন জানান, আটককৃতরা দীর্ঘদিন ধরে ডিজিটাল ডিভাইস ব্যবহার করে সামাজিক যোগাযোগমাধ্যম—বিশেষ করে ফেসবুক ও বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে ভুয়া বিজ্ঞাপন প্রচার করে আসছিল। তারা বিদেশে পাঠানোর প্রলোভন দেখিয়ে ভিসার আবেদন, নকল পাসপোর্ট তৈরি, চাকরি দেওয়ার নামে ভুয়া নিয়োগপত্র সরবরাহ এবং ব্যাংক ঋণ পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়ে সাধারণ মানুষের কাছ থেকে বিকাশ, রকেট ও নগদ অ্যাকাউন্টের মাধ্যমে অর্থ হাতিয়ে নিত।
তিনি আরও জানান, অভিযানে ব্যবহৃত বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইস জব্দ করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা অনলাইন ক্যাসিনোতে জুয়া খেলা, ডিজিটাল প্রতারণা এবং মাদক সেবনের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে।
কিশোরগঞ্জ থানার ওসি (তদন্ত) আব্দুল কুদ্দুছ বলেন, “এটি একটি সুসংগঠিত প্রতারণা চক্র। তারা প্রযুক্তিকে হাতিয়ার হিসেবে ব্যবহার করে সাধারণ মানুষকে টার্গেট করত। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং এ চক্রের সঙ্গে জড়িত অন্যদের শনাক্তে অভিযান অব্যাহত রয়েছে।”
পুলিশের এই অভিযানে এলাকায় স্বস্তি ফিরে এসেছে বলে জানিয়েছেন স্থানীয়রা। একই সঙ্গে সাইবার অপরাধের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনীর এমন কঠোর অবস্থান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।