২৫শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ৬ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

নীলফামারীতে তেল মজুত করে বেশি দামে বিক্রির দায়ে জরিমানা

মো. সাইফুল ইসলাম, নীলফামারী প্রতিনিধি:

নীলফামারীর কিশোরগঞ্জে অবৈধভাবে পেট্রোল ও অকটেন মজুত করে অতিরিক্ত দামে বিক্রির অভিযোগে এক ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

মঙ্গলবার (২৪ মার্চ) বিকেলে উপজেলার গাড়াগ্রাম ইউনিয়নের ডিসির মোড় এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানজিমা আঞ্জুম সোহানিয়া। এসময় থানা-পুলিশ সার্বিক সহযোগিতা প্রদান করে।

অভিযান সূত্রে জানা যায়, স্থানীয় ব্যবসায়ী সেলিম রেজা দীর্ঘদিন ধরে অবৈধভাবে পেট্রোল ও অকটেন মজুত করে সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি মূল্যে বিক্রি করে আসছিলেন। এমন অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান শেষে ভ্রাম্যমাণ আদালত উপজেলার বিভিন্ন পেট্রোল পাম্প পরিদর্শন করে মজুত জ্বালানি তেল দ্রুত ক্রেতাদের কাছে সরবরাহের নির্দেশ দেয়। এ সময় কৃত্রিম সংকট সৃষ্টি না করার বিষয়ে কঠোর সতর্কবার্তা দেওয়া হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানজিমা আঞ্জুম সোহানিয়া বলেন, “অবৈধভাবে জ্বালানি তেল মজুত করে বাজারে অস্থিতিশীলতা তৈরির কোনো সুযোগ নেই। এ ধরনের অপরাধের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।”

প্রশাসনের এ ধরনের অভিযানে স্বস্তি প্রকাশ করেছেন সাধারণ ভোক্তারা। তবে বাজারে কৃত্রিম সংকট ও অতিরিক্ত দামে জ্বালানি বিক্রির বিরুদ্ধে আরও কঠোর নজরদারির দাবি জানিয়েছেন তারা।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top