রুবেল ফরাজী, শিবচর প্রতিনিধি:
মাদারীপুর জেলার শিবচর উপজেলার পাঁচ্চর ইউনিয়নের গোয়ালকান্দা এলাকায় এক মানসিক প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে এক যুবককে আটক করেছে পুলিশ। এ ঘটনায় এলাকাজুড়ে তীব্র ক্ষোভ ও উদ্বেগ বিরাজ করছে।
জানা যায়, মঙ্গলবার (২৪ মার্চ) বিকেলে গোয়ালকান্দা গ্রামে এ ঘটনা ঘটে। অভিযুক্ত শেখ জায়েদ হোসেন (১৮) একই এলাকার মনির বেপারীর একটি পরিত্যক্ত বাড়ির ছাদে ওই নারীকে ধর্ষণ করেন বলে অভিযোগ ওঠে।
স্থানীয়দের দাবি, ঘটনাটি টের পেয়ে তারা অভিযুক্তকে হাতেনাতে ধরে ফেলেন। পরে উত্তেজিত জনতা তাকে গণপিটুনি দিয়ে শিবচর থানা পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে আটক করে থানায় নিয়ে যায়।
শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমির হোসেন সেরনিয়াবাত জানান, অভিযুক্তকে জনতার কাছ থেকে উদ্ধার করে হেফাজতে নেওয়া হয়েছে। তবে ভুক্তভোগী নারীকে এখনো খুঁজে পাওয়া যায়নি। তাকে উদ্ধারে পুলিশি তল্লাশি অব্যাহত রয়েছে।
এদিকে, এলাকাবাসী এ ধরনের নৃশংস ও ন্যক্কারজনক ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দোষীর সর্বোচ্চ শাস্তি দাবি করেছেন। পাশাপাশি ভুক্তভোগী নারীর দ্রুত উদ্ধার ও নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানানো হয়েছে।
উল্লেখ্য, অভিযুক্ত ব্যক্তি স্থানীয় একটি ফেসবুক পেজের সঙ্গে সম্পৃক্ত বলে জানা গেছে।
এলাকাবাসীর একটাই দাবি—এ ধরনের জঘন্য অপরাধের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত হোক।