মো. সাইফুল ইসলাম, নীলফামারী প্রতিনিধি:
বিনম্র শ্রদ্ধা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে নীলফামারীতে জাতীয় গণহত্যা দিবস পালিত হয়েছে। ১৯৭১ সালের ২৫ মার্চের কালরাতে সংঘটিত বর্বরোচিত গণহত্যার স্মরণে বুধবার (২৫ মার্চ) সকাল ১০টায় নীলফামারী সরকারি কলেজ বধ্যভূমিতে পুষ্পমাল্য অর্পণের মধ্য দিয়ে দিবসের কর্মসূচির সূচনা করা হয়।
প্রথমে রাষ্ট্রের পক্ষে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান। এরপর পুলিশ সুপার শেখ জাহেদুল ইসলামের নেতৃত্বে জেলা পুলিশের একটি দল পুষ্পমাল্য অর্পণ করেন। পর্যায়ক্রমে জেলা মুক্তিযোদ্ধা সংসদ, নীলফামারী সরকারি কলেজ, সরকারি মহিলা কলেজসহ বিভিন্ন সরকারি দপ্তর, রাজনৈতিক সংগঠন এবং সামাজিক ও সাংস্কৃতিক প্রতিষ্ঠান বধ্যভূমিতে পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানায়।
পুষ্পমাল্য অর্পণ শেষে শহীদদের স্মরণে এক বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে ১৯৭১ সালের ২৫ মার্চের গণহত্যায় নিহত সকল শহীদের রুহের মাগফেরাত কামনা করা হয়। মোনাজাতে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং অব্যাহত অগ্রগতি কামনা করা হয়।
এ সময় উপস্থিত বক্তারা বলেন, ২৫ মার্চের গণহত্যা বাঙালি জাতির ইতিহাসে এক বিভীষিকাময় ও বেদনাবিধুর অধ্যায়। পাকিস্তানি হানাদার বাহিনীর নৃশংস হত্যাযজ্ঞ বিশ্ব ইতিহাসে ঘৃণিত গণহত্যাগুলোর অন্যতম। তারা আরও বলেন, এই দিনের প্রকৃত ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরা অত্যন্ত জরুরি, যাতে ভবিষ্যৎ প্রজন্ম স্বাধীনতার প্রকৃত মূল্য উপলব্ধি করতে পারে।
দিবসের কর্মসূচিতে জেলার বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক-শিক্ষার্থী, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সুশীল সমাজের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।