২৭শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ৮ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে দ্রুত পদক্ষেপের আহ্বান: মাওলানা আবদুল হালিম

মো. সাইফুল ইসলাম, নীলফামারী প্রতিনিধি:

জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সরকারের প্রতি অবিলম্বে কার্যকর পদক্ষেপ নেওয়ার জোর দাবি জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর সহকারী সেক্রেটারি জেনারেল ও রংপুর-দিনাজপুর অঞ্চলের পরিচালক মাওলানা আবদুল হালিম।

বৃহস্পতিবার (২৬ মার্চ) দুপুরে নীলফামারী জেলা জামায়াতের কার্যালয় “আল হেলাল”-এ আয়োজিত এক বিশেষ দায়িত্বশীল বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

তিনি বলেন, জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন এবং গণভোটের রায়ের প্রতিফলনই জনগণের প্রত্যাশা। কিন্তু সরকার এ বিষয়ে কার্যকর উদ্যোগ না নিয়ে তা উপেক্ষা করছে—এমন ধারণা জনমনে তৈরি হয়েছে। এই সন্দেহ দূর করতে দ্রুত সনদ বাস্তবায়নে দৃশ্যমান পদক্ষেপ নেওয়া জরুরি।

মাওলানা আবদুল হালিম আরও বলেন, অন্তর্বর্তীকালীন সময়ে যেসব বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য হয়েছিল এবং যারা সনদে স্বাক্ষর করেছিল, তাদের সেই প্রতিশ্রুতি বাস্তবায়নে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

স্থানীয় সরকার ব্যবস্থায় প্রশাসক নিয়োগের সমালোচনা করে তিনি বলেন, জাতীয় নির্বাচনের পর বিভিন্ন স্তরে প্রশাসক নিয়োগ জনমনে অসন্তোষ সৃষ্টি করেছে। জেলা পরিষদ ও সিটি কর্পোরেশনে প্রশাসক নিয়োগকে তিনি “নিন্দনীয়” উল্লেখ করে এসব নিয়োগ বাতিল এবং দ্রুত স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের দাবি জানান।

রাজনৈতিক অবস্থান প্রসঙ্গে তিনি বলেন, জামায়াতে ইসলামী একটি শক্তিশালী বিরোধী দল হিসেবে দায়িত্বশীল ভূমিকা রাখতে চায়। সরকার জনস্বার্থবিরোধী সিদ্ধান্ত নিলে দলটি গণআন্দোলনের মাধ্যমে প্রতিবাদ ও প্রতিরোধ গড়ে তুলবে।

এ সময় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে তিনি বলেন, ১৯৭১ সালের অর্জন এবং বর্তমান সময়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে জাতীয় ঐক্যের বিকল্প নেই। বিভাজনের রাজনীতি পরিহার করে ঐক্যবদ্ধ জাতি গঠনে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

শেষে তিনি আশাবাদ ব্যক্ত করেন, জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের মধ্য দিয়েই মুক্তিযুদ্ধের চেতনা এবং গণআকাঙ্ক্ষার বাস্তব প্রতিফলন ঘটবে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top