১লা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ১৩ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

উপাচার্যের সাথে জবি আইটি সোসাইটির সৌজন্য সাক্ষাৎ ও বার্ষিক পরিকল্পনা উত্থাপন

ইমতিয়াজ উদ্দিন, জবি প্রতিনিধি:

জগন্নাথ বিশ্ববিদ্যালয় আইটি সোসাইটির (JnUITS) বার্ষিক কর্মপরিকল্পনা উত্থাপন ও বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. মোঃ রইছ উদ্‌দীনের সাথে এক সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (৩১ মার্চ) দুপুর ৩টায় উপাচার্যের কার্যালয়ের কনফারেন্স রুমে এই সভা অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে আইটি সোসাইটির প্রতিনিধিরা সংগঠনের আগামী এক বছরের কর্মপরিকল্পনা উপাচার্যের সামনে বিস্তারিতভাবে তুলে ধরেন। এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রযুক্তিগত দক্ষতা বৃদ্ধি, আইটি সেমিনার আয়োজন এবং ‘ডিজিটাল ক্যাম্পাস’ বিনির্মাণে সোসাইটির ভবিষ্যৎ পদক্ষেপগুলো গুরুত্ব পায়।

সভায় প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মোঃ রইছ উদ্‌দীন বলেন, “বর্তমান বিশ্বে তথ্যপ্রযুক্তির গুরুত্ব অপরিসীম। আইটি খাতে আমাদের আরও উন্নয়ন করতে হবে। বিশ্ববিদ্যালয়ের স্বার্থে সকল সংগঠনকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। প্রতিটি সংগঠনকে নির্দিষ্ট কর্মপরিকল্পনা প্রণয়ন করে এগিয়ে যাওয়ার আহ্বান জানাচ্ছি। জবি আইটি সোসাইটির যেকোনো গঠনমূলক কার্যক্রমে আমাদের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা থাকবে।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন এবং প্রক্টর অধ্যাপক ড. মোহাম্মদ নাসির উদ্দিন।

আইটি সোসাইটির মডারেটর ও সিএসই বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. আবু লায়েক বলেন, “বিশ্ববিদ্যালয় প্রশাসনের সহযোগিতা পেলে জবির আইটি সোসাইটি আরও বড় পরিসরে কাজ করতে পারবে এবং শিক্ষার্থীদের দক্ষ করে গড়ে তুলতে সক্ষম হবে।”

আইটি সোসাইটির পক্ষ থেকে জানানো হয়েছে, বিশ্ববিদ্যালয়ের আইটি অবকাঠামো এবং শিক্ষার্থীদের উদ্ভাবনী ভাবনাগুলোকে আরও গতিশীল করার লক্ষ্যেই এই বিশেষ সাক্ষাতের আয়োজন করা হয়। মতবিনিময় সভায় সংগঠনের বিভিন্ন স্তরের সদস্যরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন এবং উপাচার্যের সরাসরি দিকনির্দেশনা তাদের বার্ষিক পরিকল্পনা বাস্তবায়নে বিশেষ অনুপ্রেরণা যোগাবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠান শেষে সংগঠনের পক্ষ থেকে বিশেষ আলোকচিত্র ধারণ করা হয়। বিশ্ববিদ্যালয়ের প্রযুক্তিগত অগ্রযাত্রায় আইটি সোসাইটি আগামীতে আরও সক্রিয় ভূমিকা রাখবে বলে সভায় প্রত্যয় ব্যক্ত করা হয়।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top