নীলফামারী জেলা পরিষদের প্রশাসক হলেন মিজানুর রহমান চৌধুরী

মো. সাইফুল ইসলাম, নীলফামারী প্রতিনিধি:

নীলফামারী জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট মিজানুর রহমান চৌধুরী। তার দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা ও সাংগঠনিক দক্ষতার বিবেচনায় এ দায়িত্ব দেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

মঙ্গলবার (৩১ মার্চ) রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব খোন্দকার ফরহাদ আহমেদের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ নিয়োগের বিষয়টি নিশ্চিত করা হয়।

জানা যায়, মিজানুর রহমান চৌধুরী ১৯৭৮ সালে নীলফামারী জেলা বিএনপির প্রতিষ্ঠাতা সাংগঠনিক সম্পাদক হিসেবে রাজনৈতিক জীবন শুরু করেন। পরবর্তীতে তিনি জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি ও জেলা আইনজীবী সমিতির সহ-সভাপতির দায়িত্ব পালন করেন। দলীয় রাজনীতিতে দীর্ঘদিন সক্রিয় থেকে বিভিন্ন গুরুত্বপূর্ণ সময়ে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন বলে দলীয় সূত্রে জানা গেছে।

স্থানীয় রাজনৈতিক মহলে তার এ নিয়োগকে ইতিবাচক হিসেবে দেখা হচ্ছে। সংশ্লিষ্টদের আশা, তার নেতৃত্বে জেলা পরিষদের কার্যক্রমে গতিশীলতা আসবে এবং উন্নয়ন কর্মকাণ্ডে নতুন গতি সঞ্চার হবে।

নবনিযুক্ত প্রশাসক মিজানুর রহমান চৌধুরী বলেন, “সরকার আমার ওপর যে আস্থা রেখেছে, তার মর্যাদা রাখতে সততা, স্বচ্ছতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করব। জেলার সার্বিক উন্নয়নে সকলকে সঙ্গে নিয়ে কাজ করতে চাই।”

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top