রুবেল ফরাজী, নিজস্ব প্রতিনিথিঃ
মাদারীপুরের শিবচর উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুটি দোকান থেকে ২৮ ব্যারেল (প্রায় ৫,৬০০ লিটার) জ্বালানি তেল জব্দ করা হয়েছে। পরে জব্দকৃত তেল স্থানীয় কৃষকদের মাঝে সরকার নির্ধারিত মূল্যে বিক্রি করে প্রাপ্ত অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হয়।
মঙ্গলবার (৩১ মার্চ) বিকেলে উপজেলার শেখপুর বাজারে এই অভিযান পরিচালিত হয়।
আদালত সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ডিজেল সংকটে কৃষিকাজ ব্যাহত হচ্ছিল। কৃষক ও স্থানীয়দের গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে প্রথমে মেসার্স রোকন স্টোর ও মালিকের বাড়ি থেকে ১৮ ব্যারেল জ্বালানি তেল জব্দ করা হয়। পরে পাশের তোনাই মোল্লার দোকান থেকে আরও ১০ ব্যারেল ডিজেল উদ্ধার করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) শাইখা সুলতানা জানান, একটি অসাধু চক্র তেল মজুদ করে কৃত্রিম সংকট সৃষ্টি করেছিল। অভিযানের মাধ্যমে জব্দকৃত তেল কৃষকদের মাঝে ন্যায্য মূল্যে বিক্রি করা হয়েছে এবং বিক্রয়লব্ধ অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে।
প্রশাসনের এ ধরনের পদক্ষেপে কৃষকদের মাঝে স্বস্তি ফিরে এসেছে।