১লা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ১৩ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

নীলফামারীতে হজ প্রশিক্ষণ-২০২৬ অনুষ্ঠিত

মো. সাইফুল ইসলাম, নীলফামারী প্রতিনিধি:

পবিত্র হজ পালনের সঠিক প্রস্তুতি, শুদ্ধ আমল ও সার্বিক ব্যবস্থাপনা বিষয়ে হজযাত্রীদের দক্ষ করে তুলতে নীলফামারীতে অনুষ্ঠিত হয়েছে “হজ প্রশিক্ষণ-২০২৬”। মঙ্গলবার (১ এপ্রিল) জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে ইসলামিক ফাউন্ডেশন, নীলফামারীর উদ্যোগে দিনব্যাপী এই প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

প্রশিক্ষণে জেলার বিভিন্ন উপজেলা থেকে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় প্রায় ৪০০ জন হজযাত্রী অংশগ্রহণ করেন। হজের প্রতিটি ধাপ—ইহরাম থেকে শুরু করে তাওয়াফ, সাঈ, আরাফাত, মুজদালিফা ও মিনায় করণীয়—বিস্তারিতভাবে তুলে ধরেন অভিজ্ঞ আলেম, চিকিৎসক ও সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন জেলা মডেল মসজিদের পেশ ইমাম মো. ওমর ফারুক। পরে স্বাগত বক্তব্যে ইসলামিক ফাউন্ডেশন, নীলফামারীর উপপরিচালক মোছাদ্দিকুল আলম বলেন, “হজ একটি গুরুত্বপূর্ণ ইবাদত। সঠিক জ্ঞান ও প্রস্তুতি ছাড়া হজের পরিপূর্ণতা অর্জন সম্ভব নয়। এই প্রশিক্ষণ হজযাত্রীদের সেই ঘাটতি পূরণে সহায়ক ভূমিকা রাখবে।”

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণের উদ্বোধন ঘোষণা করেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান। তিনি বলেন, “হজ শুধু একটি ধর্মীয় আনুষ্ঠানিকতা নয়, এটি একটি আধ্যাত্মিক সফর। সঠিক প্রস্তুতি ও নিয়ম মেনে চললে হজযাত্রা হবে নিরাপদ ও সফল।”

বিশেষ অতিথি হিসেবে মোঃ তৌহিদুল আনোয়ার হজ ব্যবস্থাপনা ও সার্বিক প্রস্তুতি বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন। এছাড়া হাজী কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক মো. মোসলেম উদ্দিন হজযাত্রীদের বাস্তব অভিজ্ঞতা তুলে ধরেন।

ব্যাংকিং ও আর্থিক ব্যবস্থাপনা বিষয়ে ইসলামী ব্যাংক পিএলসি, নীলফামারীর ম্যানেজার রাশেদুল করিম ও প্রিন্সিপাল অফিসার মো. সেকেন্দার আলী বিস্তারিত আলোচনা করেন। স্বাস্থ্য সুরক্ষা বিষয়ে প্রয়োজনীয় পরামর্শ দেন মেডিকেল অফিসার ডা. মো. আতিউর রহমান।

এছাড়া কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা মো. আশরাফুল হক নূরী রওজা মোবারক জিয়ারত ও রিয়াজুল জান্নাতের গুরুত্ব তুলে ধরেন। প্রশিক্ষণের শেষ পর্বে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন প্রভাষক ও হজগাইড মো. দেলোয়ার হোসেন।

প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীরা জানান, এই আয়োজন তাদের হজ পালনে আত্মবিশ্বাস বাড়াবে এবং সঠিক নিয়মে ইবাদত সম্পাদনে সহায়ক হবে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top