৩রা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ১৫ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

জাককানইবিতে গুচ্ছ ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন

মোছাঃ মাহমুদা আক্তার নাঈমা, জাককানইবি প্রতিনিধি:

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় (জাককানইবি) কেন্দ্রে জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ‘বি’ (মানবিক) ইউনিটের ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে।

শুক্রবার (০৩ এপ্রিল) বেলা ১১টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত এই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

পাওয়া তথ্যমতে, কেন্দ্রে ৭,০০৭ জন পরীক্ষার্থীর মধ্যে উপস্থিত ছিলেন ৬,১০৭ জন। অনুপস্থিত ছিলেন ৯০০ জন। উপস্থিতির হার ৮৭.১৬ শতাংশ।

এসময় কেন্দ্রের বিভিন্ন কক্ষ পরিদর্শন করেন
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম।এছাড়াও উপস্থিত ছিলেন ভিজিল্যান্স উপ-কমিটির সদস্য ও বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. জয়নুল আবেদীন সিদ্দিকী, কলা অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ ইমদাদুল হুদা, বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন প্রফেসর ড. এ.এইচ.এম. কামাল, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মো. বখতিয়ার উদ্দিন, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. সাখাওয়াত হোসেন সরকার, চারুকলা অনুষদের ডিন প্রফেসর ড. মুহাম্মদ এমদাদুর রাশেদ (রাশেদ-সুখন), আইন অনুষদের ডিন মুহাম্মদ ইরফান আজিজ, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মো. মিজানুর রহমান।

পরিদর্শন শেষে উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদ ভবনের সামনে গণমাধ্যমকর্মীদের সঙ্গে মত বিনিময় করেন। এসময় তিনি বলেন,

‘বি ইউনিটের পরীক্ষা জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে পাঁচটি কন্ট্রোল রুমের মাধ্যমে সামাজিক বিজ্ঞান, বাণিজ্য এবং নতুন কলা ভবনের ১০৬টি কক্ষে অনুষ্ঠিত হয়। আমরা বেশ কয়েকটি কক্ষ পরিদর্শন করেছি। প্রতিটি কক্ষেই অত্যন্ত শান্তিপূর্ণভাবে পরীক্ষা অনুষ্ঠিত হয়। প্রশ্নের মান ভালো হয়েছে এবং ভালোভাবে পরীক্ষা দিচ্ছে বলে কয়েকজন শিক্ষার্থী আমাদের জানিয়েছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী, ছাত্রছাত্রী, ছাত্রদের বিভিন্ন সংগঠন, স্থানীয় প্রশাসন, জনগণ, সাংবাদিকবৃন্দ সবাই আমাদেরকে পরীক্ষা সম্পন্নে সহযোগিতা করছেন। সকলের সহযোগিতার মধ্যদিয়েই আমাদের এই ভর্তি পরীক্ষা অত্যন্ত সুন্দরভাবে অনুষ্ঠিত হচ্ছে।’
একই সাথে আগামী ১০ এপ্রিল এ ইউনিট ও ব্যবহারিক পরীক্ষাতেও সকলের সহযোগিতা কামনা করেন তিনি।

ভর্তি পরীক্ষায় সুষ্ঠু পরিবেশ ও নিরাপত্তা নিশ্চিত করতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পর্যাপ্ত সদস্য মোতায়েন করা হয়েছিল। রাস্তার যানযট নিয়ন্ত্রণ ও নিরবিচ্ছন্ন বিদ্যুৎ ব্যবস্থা নিশ্চিত করা হয়েছিল। এছাড়া ময়মনসিংহ ও ভালুকা হতে পরীক্ষার্থীদের আসা ও যাওয়ার জন্য পর্যাপ্ত বাস সার্ভিস ব্যবস্থা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

জানা যায়, প্রতিটি ইউনিটের ফলাফল জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের সমন্বিত ভর্তি পরীক্ষার ওয়েবসাইট (www.gstadmission.ac.bd)-এ প্রকাশ করা হবে। মেধা তালিকায় উত্তীর্ণ শিক্ষার্থীরা তাদের পছন্দমত তালিকাভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোতে যোগ্যতাসাপেক্ষে ভর্তির জন্য আবেদন করতে পারবেন। প্রত্যেক বিশ্ববিদ্যালয় তাদের আসন সংখ্যার সামর্থ্যরে উপর ভিত্তি করে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করবে। এবার জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ২৫টি বিভাগে ১,১৭৫টি আসনে শিক্ষার্থী ভর্তি করা হবে।

আরও জানা গেছে, আগামী ১০ এপ্রিল ২০২৬ তারিখ শুক্রবার ১১ টা থেকে ১২টা পর্যন্ত ‘এ’ (বিজ্ঞান) ইউনিটের ভর্তি পরীক্ষা এবং একইদিন বেলা ০৩:০০ হতে ০৪:০০ পর্যন্ত আর্কিটেকচার ব্যবহারিক (ড্রইং) পরীক্ষা অনুষ্ঠিত হবে। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ‘এ’ (বিজ্ঞান) ইউনিটের ভর্তি পরীক্ষায় ১০,৩৫৩ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিবেন।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top