রবিউল ইসলাম বাবুল, রংপুর বিভাগীয় প্রতিনিধিঃ
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার ধবলগুড়ি সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে আলী হোসেন (৪৫) নামে এক বাংলাদেশি যুবক নিহত হওয়ার ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (৭ এপ্রিল) গভীর রাতে সীমান্তের ৮৭৪/৫-এস নম্বর পিলার সংলগ্ন এলাকায় ভারতের অভ্যন্তরে এ ঘটনা ঘটে বলে সীমান্ত সূত্রে জানাগেছে।
নিহত আলী হোসেন পাটগ্রাম উপজেলার সীমান্তবর্তী এলাকার বাসিন্দা এবং তিনি মৃত আব্দুল গফুরের ছেলে বলে জানা গেছে।
স্থানীয় সীমান্তবাসী ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সূত্রে জানা যায়, মঙ্গলবার মধ্যরাতের দিকে কয়েকজন বাংলাদেশি নাগরিক ভারতীয় চোরাকারবারিদের সহায়তায় ধবলগুড়ি সীমান্তের শূন্যরেখা অতিক্রম করে অবৈধভাবে ভারতের ভেতরে প্রবেশ করেন। এ সময় তারা ৮৭৪/৫-এস নম্বর সীমান্ত পিলারের কাছাকাছি এলাকায় অবস্থান করছিলেন।
ঠিক সেই সময় ভারতের ১৫৬ বিএসএফ ব্যাটালিয়নের সাতগ্রাম ক্যাম্পের টহলরত সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে ঘটনাস্থলেই আলী হোসেন নিহত হন। গুলির শব্দে অন্যরা দ্রুত পালিয়ে বাংলাদেশ সীমান্তে ফিরে আসতে সক্ষম হলেও আলী হোসেনের মরদেহ বিএসএফ সদস্যরা নিজেদের হেফাজতে নিয়ে যায় বলে জানা গেছে।
এ ঘটনার পর সীমান্ত এলাকায় উত্তেজনা ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দারা জানান, প্রায় সময়ই সীমান্ত এলাকায় এমন ঘটনা ঘটলেও এতে প্রাণহানির ঘটনা তাদের মধ্যে আতঙ্ক তৈরি করেছে।
এব্যপারে তিস্তা-৬১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সৈয়দ ফজলে মুনিমেনের সঙ্গে আলোচনা হলে তিনি ভোরের কাগজ কে ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সীমান্তের ভারতের অভ্যন্তরে বিএসএফের গুলিতে একজন বাংলাদেশি নিহত হয়েছেন বলে আমরা জানতে পেরেছি।বিষয়টি নিয়ে ইতোমধ্যে ভারতের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হয়েছে।
তিনি আরও জানান, ঘটনার বিস্তারিত জানতে এবং মরদেহ ফেরত আনার বিষয়টি নিয়ে উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে সেক্টর কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের আহ্বান জানানো হয়েছে।
এদিকে সীমান্তে এই ধরনের প্রাণহানির ঘটনা বন্ধে কার্যকর উদ্যোগ গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।