মো. সাইফুল ইসলাম, নীলফামারী প্রতিনিধি:
নীলফামারীতে ‘জেলা বাস, মিনিবাস ও কোচ পরিবহন শ্রমিক ইউনিয়ন’ (রেজি. নং-রাজঃ ৩৪৪৬)-এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। মঙ্গলবার (৭ এপ্রিল) সকাল ১০টায় শহরের কালিতলা কেন্দ্রীয় বাস টার্মিনাল চত্বরে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে ইউনিয়নের শুভ উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি ও জেলা শ্রমিক দলের সভাপতি মো. নূর আলম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট মো. মিজানুর রহমান চৌধুরী।
অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন জজ কোর্টের সরকারি কৌঁসুলি (জিপি) এবং জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবু মো. সোয়েম।
বক্তারা তাদের বক্তব্যে বলেন, দীর্ঘদিন ধরে জেলার পরিবহন শ্রমিকদের একটি শক্তিশালী ও সংগঠিত প্ল্যাটফর্মের অভাব ছিল। নতুন এই ইউনিয়ন গঠনের মাধ্যমে সেই প্রত্যাশা পূরণ হয়েছে। তারা আশা প্রকাশ করেন, ইউনিয়নের কার্যক্রম শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়, কর্মপরিবেশের উন্নয়ন এবং যাত্রীসেবার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এসময় বক্তারা শ্রমিকদের পেশাগত নিরাপত্তা, সড়ক শৃঙ্খলা রক্ষা এবং পারস্পরিক সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি সংগঠনকে শক্তিশালী করতে সকল শ্রমিককে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দসহ বিপুল সংখ্যক পরিবহন শ্রমিক উপস্থিত ছিলেন।