১০ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ২২শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

বেলজিয়াম ও ইউরোপীয় ইউনিয়নে ভারতের রাষ্ট্রদূত হচ্ছেন প্রণয় ভার্মা

আন্তর্জাতিক ডেস্ক:
ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা-কে বেলজিয়াম ও ইউরোপীয় ইউনিয়ন-এ ভারতের পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

শুক্রবার (১০ এপ্রিল) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। এতে বলা হয়, ১৯৯৪ ব্যাচের ভারতীয় পররাষ্ট্র সার্ভিস (আইএফএস) কর্মকর্তা প্রণয় ভার্মা বর্তমানে বাংলাদেশে হাইকমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন এবং শিগগিরই তিনি ব্রাসেলসে নতুন দায়িত্ব গ্রহণ করবেন।

২০২২ সালের সেপ্টেম্বর থেকে বাংলাদেশে দায়িত্ব পালন করে আসা এই কূটনীতিককে ইউরোপে গুরুত্বপূর্ণ দায়িত্বে পাঠানোর বিষয়টি আগে থেকেই আলোচনায় ছিল। বিশেষ করে সম্প্রতি ভারত ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে বাণিজ্য চুক্তি সম্পন্ন হওয়ার পর এই পদটি আরও তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে।

এই চুক্তির লক্ষ্য পণ্য, সেবা ও বিনিয়োগ খাতে দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধি করা, যা ২০২৭ সালের শুরুতে কার্যকর হতে পারে। ভারতের বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয় জানিয়েছে, এফটিএ কার্যকর হলে ভারতের প্রকৌশল ও উৎপাদন খাতে রপ্তানি ৩০০ বিলিয়ন ডলারে উন্নীত করার পরিকল্পনা রয়েছে।

ইউরোপীয় ইউনিয়ন বর্তমানে ভারতের অন্যতম বৃহৎ বাণিজ্য অংশীদার। ২০২৪-২৫ অর্থবছরে দুই পক্ষের পণ্য বাণিজ্যের পরিমাণ ছিল প্রায় ১৩৬ বিলিয়ন ডলার এবং সেবা খাতে প্রায় ৮৩ বিলিয়ন ডলার। এই বাণিজ্য সম্পর্ক ভবিষ্যতে আরও বিস্তৃত হওয়ার সম্ভাবনা রয়েছে।

ক্যারিয়ারের শুরুতে ভিয়েতনামে রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করা প্রণয় ভার্মা এর আগে হংকং, বেইজিং, ওয়াশিংটন ডিসি ও কাঠমান্ডুসহ বিভিন্ন দেশে ভারতীয় মিশনে গুরুত্বপূর্ণ পদে কাজ করেছেন। এছাড়া তিনি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় ও পারমাণবিক কূটনীতি সংশ্লিষ্ট দপ্তরেও দায়িত্ব পালন করেছেন।

যন্ত্রকৌশলে স্নাতক প্রণয় ভার্মা যুক্তরাষ্ট্রের মিডলবারি ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল স্টাডিজ থেকে চীনা ভাষায় স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top