নিজস্ব প্রতিনিধি:
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) ২০২৫–২০২৬ শিক্ষাবর্ষের গুচ্ছ পদ্ধতিতে প্রথম বর্ষের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় নকলের অভিযোগে এক পরীক্ষার্থীকে আটক করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
শুক্রবার (১০ এপ্রিল) সকাল সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-২ এর ৬০৩ নম্বর কক্ষ থেকে তাকে আটক করা হয়। আটক শিক্ষার্থী মো. ইমন, তিনি রাজশাহী জেলার পুঠিয়া থানার বাসিন্দা।
বিশ্ববিদ্যালয়ের গুচ্ছ ভর্তি পরীক্ষা কমিটির সূত্রে জানা যায়, সকাল ১১টায় পরীক্ষা শুরু হওয়ার কিছুক্ষণ পর দায়িত্বপ্রাপ্ত এক শিক্ষক ওই পরীক্ষার্থীর আচরণে সন্দেহজনক কিছু লক্ষ করেন। পরে তাকে তল্লাশি করলে একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। এরপর তাকে পরীক্ষা নিয়ন্ত্রণ কক্ষে নেওয়া হয়।
আটক শিক্ষার্থী প্রাথমিকভাবে নিজের অপরাধ স্বীকার করে জানায়, সে মোবাইল ফোন ব্যবহার করে প্রশ্নের ছবি তুলে চ্যাটজিপিটির মাধ্যমে উত্তর মিলানোর চেষ্টা করেছিল। তবে সে এতে সফল হয়নি বলেও উল্লেখ করে। ভবিষ্যতে এমন কাজ না করার প্রতিশ্রুতিও দেয় সে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. কামরুজ্জামান খান বলেন, পরীক্ষার হলে দায়িত্বপ্রাপ্ত শিক্ষক দ্রুত ব্যবস্থা নিয়ে পরীক্ষার্থীকে আটক করেন। তার কাছ থেকে মোবাইল ফোন জব্দ করা হয়েছে এবং তাকে পরীক্ষার হল থেকে বহিষ্কার করা হয়েছে।