২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ৬ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

নজরুল বিশ্ববিদ্যালয় কেন্দ্রে গুচ্ছ ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

মোছাঃ মাহমুদা আক্তার নাঈমা, জাককানইবি প্রতিনিধি:

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় (নজরুল বিশ্ববিদ্যালয়) কেন্দ্রে জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের ২০২৫–২৬ শিক্ষাবর্ষের ‘এ’ (বিজ্ঞান) ইউনিটের ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে।এবছর অধিকাংশ পরীক্ষার্থীই ভর্তি পরীক্ষায় উপস্থিত ছিলেন।

শুক্রবার (১০ এপ্রিল) বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত লিখিত পরীক্ষা এবং বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত আর্কিটেকচার বিভাগের ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হয়।বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান, ব্যবসায় প্রশাসন, নতুন কলা ভবন এবং পুরাতন বিজ্ঞান ভবনে ‘এ’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হয়। অন্যদিকে বিকেলে নতুন কলা ভবনে আর্কিটেকচার বিভাগের ব্যবহারিক পরীক্ষা নেওয়া হয়।

পরিসংখ্যান অনুযায়ী, ‘এ’ ইউনিটে মোট ১০ হাজার ৩৫৩ জন পরীক্ষার্থীর মধ্যে ৮ হাজার ১৯৪ জন পরীক্ষায় অংশ নেয়। অনুপস্থিত ছিল ২ হাজার ১৫৯ জন। উপস্থিতির হার ছিল ৭৯ দশমিক ১৫ শতাংশ। অন্যদিকে আর্কিটেকচার ব্যবহারিক পরীক্ষায় ১৫২ জনের মধ্যে ৫৯ জন অংশ নেয়, আর অনুপস্থিত ছিল ৯৩ জন।

পরীক্ষা চলাকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম বিভিন্ন পরীক্ষা কক্ষ পরিদর্শন করেন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন ভিজিল্যান্স উপ-কমিটির সদস্য ও ট্রেজারার প্রফেসর ড. জয়নুল আবেদীন সিদ্দিকী, কলা অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ ইমদাদুল হুদা, বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন প্রফেসর ড. এ.এইচ.এম. কামাল, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মো. বখতিয়ার উদ্দিন, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. সাখাওয়াত হোসেন সরকার, চারুকলা অনুষদের ডিন প্রফেসর ড. মুহাম্মদ এমদাদুর রাশেদ, আইন অনুষদের ডিন মুহাম্মদ ইরফান আজিজ এবং ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রফেসর ড. মো. মিজানুর রহমানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

পরিদর্শন শেষে ব্যবসায় প্রশাসন অনুষদ ভবনের সামনে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন উপাচার্য। তিনি জানান, এ ইউনিটের ভর্তি পরীক্ষায় উল্লেখযোগ্য সংখ্যক পরীক্ষার্থী ও অভিভাবকের উপস্থিতি লক্ষ্য করা গেছে। মোট ১৫৪টি কক্ষে ৭টি নিয়ন্ত্রণ কক্ষের মাধ্যমে পরীক্ষা পরিচালিত হয়েছে। পরীক্ষার্থীরা স্বাচ্ছন্দ্যপূর্ণ পরিবেশে পরীক্ষা দিতে পেরেছে বলে তারা জানিয়েছে।

এসময় তিনি আরও বলেন, পরীক্ষার নির্বিঘ্ন আয়োজন নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয় প্রশাসন প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে। এ কাজে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তা, শিক্ষার্থী, রোভার স্কাউট, বিভিন্ন ছাত্র সংগঠন, স্থানীয় প্রশাসন, আইন-শৃঙ্খলা বাহিনী এবং সাংবাদিকরা সহযোগিতা করেছেন। সবার সম্মিলিত প্রচেষ্টায় পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে।

এছাড়াও এক প্রশ্নের উত্তরে তিনি জানান, ভবিষ্যতে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় গুচ্ছ ভর্তি পরীক্ষার আয়োজক বিশ্ববিদ্যালয় হিসেবে দায়িত্ব পালন করতে আগ্রহী।

পরীক্ষা কেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করতে পুরো ক্যাম্পাসে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পর্যাপ্ত সদস্য মোতায়েন করা হয়। পাশাপাশি যানজট নিয়ন্ত্রণে বিশেষ ব্যবস্থা নেওয়া হয় এবং নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা হয়। পরীক্ষার্থীদের যাতায়াত সহজ করতে ময়মনসিংহ ও ভালুকা এলাকা থেকে বিশেষ বাস সার্ভিসের ব্যবস্থাও করা হয়।

জানা যায়,জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর সমন্বিত ভর্তি পরীক্ষার ফলাফল নির্ধারিত ওয়েবসাইটে প্রকাশ করা হবে।ফলাফল প্রকাশের পর মেধাতালিকায় স্থান পাওয়া শিক্ষার্থীরা নিজেদের পছন্দ অনুযায়ী তালিকাভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তির জন্য আবেদন করতে পারবে। প্রতিটি বিশ্ববিদ্যালয় তাদের নিজস্ব আসনসংখ্যা ও নীতিমালার ভিত্তিতে পৃথক ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করবে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে,এ বছর জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ২৫টি বিভাগে মোট ১ হাজার ১৭৫টি আসনে শিক্ষার্থী ভর্তি করা হবে।

এদিন কেন্দ্রজুড়ে কঠোর নিরাপত্তা ও শৃঙ্খলার মধ্য দিয়ে পরীক্ষার আয়োজন করা হয়। পরীক্ষার্থীদের জন্য সহায়ক পরিবেশ নিশ্চিত করতে প্রশাসনের পাশাপাশি শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী, শিক্ষার্থী এবং স্বেচ্ছাসেবী সংগঠনগুলো সক্রিয়ভাবে কাজ করেছে বলে জানায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

এভাবে উৎসবমুখর পরিবেশ ও সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতের মাধ্যমে নজরুল বিশ্ববিদ্যালয় কেন্দ্রের এ বছরের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top