নিজস্ব প্রতিনিধি:
জাতীয় সংসদে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি বিল-২০২৬’ পাস হয়েছে, যার মাধ্যমে রাজধানীর কয়েকটি ঐতিহ্যবাহী কলেজকে একীভূত করে একটি সমন্বিত বিশ্ববিদ্যালয় কাঠামোর আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে।
শুক্রবার (১০ এপ্রিল) বিকেলে সংসদের অধিবেশনে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বিলটি উত্থাপন করেন। পরে সংসদ সদস্যদের কণ্ঠভোটে এটি পাস হয়।
এর আগে, গত ২২ জানুয়ারি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস-এর সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ অনুমোদন দেওয়া হয়।
নতুন এই আইনের আওতায় রাজধানীর কয়েকটি স্বনামধন্য কলেজকে ‘সংযুক্ত কলেজ’ হিসেবে পরিচালনা করা হবে। এর মধ্যে রয়েছে ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, সরকারি বাংলা কলেজ এবং সরকারি তিতুমীর কলেজ।
এই উদ্যোগের মাধ্যমে উচ্চশিক্ষা ব্যবস্থাকে আরও সমন্বিত ও কার্যকর করার লক্ষ্যে একটি কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় কাঠামো গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে।