মো. সাইফুল ইসলাম, নীলফামারী প্রতিনিধি:
নীলফামারীতে উৎসবমুখর পরিবেশে প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্ট ২০২৫-২০২৬-এর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জ্যোতি বিকাশ চন্দ্র প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের উদ্বোধন ঘোষণা করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, খেলাধুলা শিক্ষার্থীদের শারীরিক সুস্থতার পাশাপাশি মানসিক বিকাশ, শৃঙ্খলা ও দলগত চেতনা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি বলেন, এ ধরনের ক্রীড়া আয়োজন তরুণ প্রজন্মকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে সহায়ক।
তিনি আরও বলেন, জেলা পর্যায়ে নিয়মিত টুর্নামেন্ট আয়োজনের মাধ্যমে তৃণমূল থেকেই প্রতিভাবান ক্রিকেটার তৈরি করা সম্ভব, যারা ভবিষ্যতে জাতীয় দলে প্রতিনিধিত্ব করতে পারবে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী জেলা জজ কোর্টের পিপি আবু মোহাম্মদ সোয়েম। তিনি বলেন, বর্তমান প্রজন্মকে খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতে হবে। মাঠে সময় কাটালে শিক্ষার্থীরা সুস্থ ও ইতিবাচক মানসিকতা নিয়ে বেড়ে উঠবে।
জেলা ক্রীড়া কর্মকর্তা আবুল হাশেম বলেন, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এই উদ্যোগ তৃণমূল পর্যায়ে ক্রিকেট উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তিনি জেলার প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে খেলাধুলার চর্চা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন আব্দুস সালাম বাবলা, সিনিয়র এক্সিকিউটিভ অফিসার আনিসুর রহমান এবং প্রাইম ব্যাংকের সিনিয়র অফিসার শফিকুল ইসলাম সরকার। তারা শিক্ষার্থীদের নিয়মিত খেলাধুলায় অংশগ্রহণের আহ্বান জানান।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ব্যবস্থাপনায় এবং জেলা ক্রীড়া সংস্থা, নীলফামারীর আয়োজনে টুর্নামেন্টটি আগামী ১০ থেকে ২২ তারিখ পর্যন্ত অনুষ্ঠিত হবে।
এবারের আসরে অংশগ্রহণ করছে নীলফামারী সরকারি উচ্চ বিদ্যালয়, কালেক্টরেট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, ইন্টারন্যাশনাল স্কুল এবং সৈয়দপুরের আল-ফারুক একাডেমি।
উদ্বোধনের পরপরই খেলা শুরু হলে মাঠে খেলোয়াড়দের প্রাণবন্ত অংশগ্রহণ ও দর্শকদের উপস্থিতিতে পুরো আয়োজন প্রাণবন্ত হয়ে ওঠে। আয়োজকরা আশা করছেন, এই টুর্নামেন্টের মাধ্যমে জেলার ক্রীড়াঙ্গনে নতুন প্রতিভার বিকাশ ঘটবে।