১২ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ২৪শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

গুরুদাসপুরে নন্দকুঁজা নদী বাঁচাতে  মানববন্ধন

মোঃ নাঈম ইসলাম, গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি:

দখল আর দূষণের কবলে অস্তিত্ব সংকটে পড়া নাটোরের গুরুদাসপুরে বুক চিরে বয়ে যাওয়া নন্দকুঁজা নদী বাঁচাতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১০ এপ্রিল) সকাল ১১ টার দিকে উপজেলার পৌর সদরের চাঁচকৈড় নতুন গরুহাটা সংলগ্ন নন্দকুঁজা নদীর পাড়ে এ মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়। সচেতন নাগরিক ফোরাম, প্রতিভা যুব উন্নয়ন সংস্থা ও জীবন সঙ্গী ফাউন্ডেশন ব্যানারে এ কর্মসূচিতে অংশ নেন এলাকার পরিবেশকর্মী ও সচেতন যুবসমাজ।

কর্মসূচীতে দখল, দূষণ আর পৌর ডাম্পিং স্টেশনের কবল থেকে প্রবাহমান নন্দকুঁজা নদী রক্ষায় স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট কর্মকর্তাকে অচিরেই প্রয়োজনীয় প্রদক্ষেপ গ্রহণের দাবি জানিয়ে বক্তব্য রাখেন, উপজেলা নদী রক্ষা আন্দোলন কমিটির আহ্বায়ক ও কালেরকন্ঠ পত্রিকার উপজেলা প্রতিনিধি আলী আক্কাছ, উপজেলা মানবাধিকার বাস্তবায়ন সংস্থার সভাপতি এ্যাডভোকেট রাশিদুল ইসলাম, শিক্ষক শহিদুল ইসলাম প্রমুখ।

উপজেলা মানবাধিকার বাস্তবায়ন সংস্থার সভাপতি এ্যাডভোকেট রাশিদুল ইসলাম বলেন, ‘২০২৫ সালে এ নদী রক্ষায় আমরা মানববন্ধন কর্মসূচী পালন করেছিলাম। সেসময়ে স্থানীয় প্রশাসন আমাদের আশ্বাসও দিয়েছিলেন যে, নদীতে গুরুদাসপুর পৌরসভার কোন প্রকার ময়লা আবর্জনা ফেলানো হবে না। নদী দখলমুক্ত করতে নেওয়া হবে কার্যকর প্রদক্ষেপ। ঘটেছে উল্টো চিত্র। বর্তমানে পৌসভার ময়লার ভাগাড়, দখল আর দূষণে এ নদী মরা খালে পরিণত হয়েছে। এ নদী বাঁচাতে মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়েছেন তিনি’।

উপজেলা নদী রক্ষা আন্দোলন কমিটির আহ্বায়ক আলী আক্কাছ বলেন, গুরুদাসপুর প্রথম শ্রেণী একটি পৌরসভা। নেই কোন ডাম্পিং স্টেশন। ডাম্পিং স্টেশন না থাকায় সমস্ত ময়লা আবর্জনা নন্দকুজার বুকে ফেলানো হচ্ছে। দখল ও ময়লা ফেলার কারণে নদী ক্রমশ ছোট হয়ে গেছে। অথচ এক সময়ে এ নদী ছিল প্রবাহমান। নদীর বুকে চলত বড় বড় পালতোলা নৌকা,বর্ষাকালে ইলিশসহ নানা প্রজাতির মাছ পাওয়া যেত। এখন এটা কাল্পনিক মনে হয়। মরা খালে পরিণত হয়েছে এ নদী। অচিরেই এ নদী বাঁচাতে প্রদক্ষেপ না নিলে হারাবে অস্তিত্ব,মানচিত্র থেকে মুছে যাবে এ নদীর নাম।

উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) ও পৌর প্রশাসক ফাহমিদা আফরোজ বলেন, পৌর ডাম্পিং স্টেশন স্থাপনের জায়গা পেয়েছি। সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের অনুমোদন ও পরিবেশের ছাড়পত্র পেলেই ময়লা ফেলার ডাম্পিং স্টেশন বাস্তবায়ন করা হবে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top