নিজস্ব প্রতিনিধি:
ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেছেন, পূর্ববর্তী সরকারের সময় দেশের অর্থনীতি দুর্বল অবস্থায় পড়ে গেছে এবং বর্তমান সরকারকে তা সামাল দিতে নানা চ্যালেঞ্জ মোকাবিলা করতে হচ্ছে।
শনিবার (১১ এপ্রিল) চট্টগ্রামের হাটহাজারীতে উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত ১০ম জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড ও বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি দাবি করেন, বর্তমান বৈশ্বিক সংকটের মধ্যেও সরকার দক্ষতার সঙ্গে জ্বালানি ও বিদ্যুৎ খাত পরিচালনা করছে। আন্তর্জাতিক বাজারে জ্বালানির মূল্য বাড়লেও দেশে তা নিয়ন্ত্রণে রাখা হয়েছে এবং গত দুই মাস ধরে জ্বালানি খাতে ভর্তুকি দেওয়া হচ্ছে বলেও উল্লেখ করেন তিনি।
প্রতিমন্ত্রী বলেন, শিক্ষার্থীদের মধ্যে নতুন বাংলাদেশ গড়ার চিন্তা ও উদ্ভাবনী ক্ষমতা ইতোমধ্যে প্রকাশ পাচ্ছে। বিজ্ঞান মেলায় অংশ নেওয়া শিক্ষার্থীরা জ্বালানি সংকট, বর্জ্য ব্যবস্থাপনা ও পরিবেশ সংরক্ষণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে সৃজনশীল সমাধান তুলে ধরেছে, যা দেশের ভবিষ্যতের সম্ভাবনা নির্দেশ করে।
উপজেলা পরিষদ মিলনায়তনে ‘উদ্ভাবন নির্ভর বাংলাদেশ গঠনে বিজ্ঞান ও প্রযুক্তি’ প্রতিপাদ্যে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আব্দুল্লাহ আল মুমিন। এতে প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থী এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের মধ্যে সনদ ও পুরস্কার বিতরণ করা হয়। পাশাপাশি আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশিক্ষণপ্রাপ্ত ১৫ জন অসচ্ছল নারীর মাঝে সেলাই মেশিন বিতরণ করেন প্রতিমন্ত্রী।
এরপর তিনি হাটহাজারীর ধলই এলাকায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের একটি প্রকল্পের কাজ উদ্বোধন করেন এবং উপজেলার বিভিন্ন এলাকায় সড়ক উন্নয়ন ও খাল পুনঃখনন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।