২০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ৫ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

ঢাবির শিক্ষক সুদীপ চক্রবর্তীকে সব একাডেমিক দায়িত্ব থেকে অব্যাহতি

নিজস্ব প্রতিনিধি:

ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক ড. সুদীপ চক্রবর্তীকে বিভাগের সব ধরনের একাডেমিক দায়িত্ব ও কার্যক্রম থেকে সাময়িক অব্যাহতি দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বিভাগের শিক্ষার্থী মুনিরা মেহজাবিনের মৃত্যু এবং এ ঘটনায় তাকে গ্রেফতারের পর উদ্ভূত পরিস্থিতিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সোমবার (২৭ এপ্রিল) বিভাগের চেয়ারম্যান কাজী তামান্না হক সিগমা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিভাগের ২০২৪ সালের এমএ দ্বিতীয় সেমিস্টারের মেধাবী শিক্ষার্থী মুনিরা মেহজাবিনের আকস্মিক মৃত্যুতে বিভাগ শোকাহত। একই ঘটনায় সহযোগী অধ্যাপক ড. সুদীপ চক্রবর্তীকে আইনশৃঙ্খলা বাহিনী গ্রেফতার করেছে এবং মামলার পর তাকে কারাগারে পাঠানো হয়েছে।

এ পরিস্থিতিতে ২৬ এপ্রিল অনুষ্ঠিত বিশেষ একাডেমিক কমিটির সভায় সিদ্ধান্ত নেওয়া হয়, আইনি প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত ড. সুদীপ চক্রবর্তী বিভাগের ক্লাস, পরীক্ষা ও অন্যান্য সব একাডেমিক কমিটির দায়িত্ব থেকে অব্যাহতি পাবেন।

এর আগে রোববার ভোরে রাজধানীর উত্তর বাড্ডার একটি বাসা থেকে শিক্ষার্থী মুনিরা মাহজাবিনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে বাড্ডা থানায় মামলা দায়ের করেন। পরে একই দিন বিকেলে রাজধানীর উদয় ম্যানসন এলাকা থেকে সুদীপ চক্রবর্তীকে গ্রেফতার করে পুলিশ।

পরিবারের সদস্যরা জানান, মুনিরা সাধারণত দরজা খোলা রেখেই ঘুমাতেন। তবে ঘটনার দিন ভোরে দরজা বন্ধ দেখে পরিবারের সদস্যরা ডাকাডাকি করেন। কোনো সাড়া না পেয়ে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করলে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান।

পুলিশ জানিয়েছে, ঘটনাস্থল থেকে একটি লিখিত নোট উদ্ধার করা হয়েছে, যা তদন্তের অংশ হিসেবে যাচাই করা হচ্ছে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top