১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ২রা মহর্‌রম, ১৪৪৮ হিজরি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ‘এআই বেজড মার্কেটিং’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

ইমতিয়াজ, ​জবি প্রতিনিধি:

​বর্তমান বিশ্ববাজারের পরিবর্তনশীল ধারার সঙ্গে তাল মেলাতে আধুনিক মার্কেটিংয়ে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) প্রয়োগ ও রূপান্তর নিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে একটি বিশেষ সেমিনার অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৬ জুন) সকালে বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের আয়োজনে ‘এআই বেজড মার্কেটিং অ্যান্ড ট্রান্সফরমেশন ইন মার্কেটিং’ শীর্ষক এই সেমিনারে শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে প্রযুক্তিনির্ভর বিপণন কৌশলের বিভিন্ন দিক উন্মোচিত হয়।

​সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তুরস্কের পামুক্কালে বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদের অধ্যাপক সুলেমান বারুতচু। তিনি তার মূল প্রবন্ধ উপস্থাপনায় বিশ্বব্যাপী ব্যবসার আমূল পরিবর্তনের চিত্র তুলে ধরেন। তিনি বলেন, “আধুনিক মার্কেটিং এখন আর কেবল সৃজনশীলতার ওপর নির্ভরশীল নয়, বরং এটি এখন ডাটা বা তথ্য-উপাত্তের সঠিক বিশ্লেষণের ওপর দাঁড়িয়ে আছে। কৃত্রিম বুদ্ধিমত্তা এই বিশ্লেষণ প্রক্রিয়াকে আরও দ্রুত ও নির্ভুল করে তুলেছে।”

​অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. ইমরানুল হক বলেন, “চতুর্থ শিল্প বিপ্লবের এই যুগে মার্কেটিংয়ের শিক্ষার্থীদের প্রযুক্তিবান্ধব হতে হবে। এই সেমিনারের উদ্দেশ্য হলো আমাদের শিক্ষার্থীদের বৈশ্বিক প্রেক্ষাপটে এআই-এর ব্যবহারিক প্রয়োগ এবং আধুনিক বিপণন কৌশলের সাথে পরিচিত করা।”

​সেমিনারটিতে মার্কেটিং বিভাগের শিক্ষক, গবেষক এবং বিপুলসংখ্যক শিক্ষার্থী অংশগ্রহণ করেন। এআই প্রযুক্তির মাধ্যমে কীভাবে ক্রেতার আচরণ বিশ্লেষণ, পার্সোনালাইজড কন্টেন্ট তৈরি এবং ব্যবসায়িক সিদ্ধান্ত গ্রহণ আরও কিভাবে সহজ করা যায় তা নিয়ে দীর্ঘ আলোচনা ও প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়।

​বিভাগীয় সূত্রে জানা যায়, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একাডেমিক জ্ঞানের পাশাপাশি ইন্ডাস্ট্রি-রেডি করে গড়ে তুলতে এবং আন্তর্জাতিক মানদণ্ডের সাথে খাপ খাইয়ে নিতে মার্কেটিং বিভাগ নিয়মিতভাবে এমন বিশেষায়িত সেমিনার ও ওয়ার্কশপের আয়োজন করে আসছে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top