মোঃ আমিরুল হক, রাজবাড়ী প্রতিনিধি:
রাজবাড়ীর পাংশা উপজেলায় বাবুল মোল্লা নামে এক কৃষকের সাথে শত্রুতার খেলায় মেতে উঠেছে দুবৃত্তরা। তার জমির পেঁয়াজ ক্ষেত ক্ষতি সাধনের পর এবার ওই একই জমিতে থাকা পাট ক্ষেত বিনষ্ট করেছে। এ ঘটনায় দিশেহারা হয়ে পড়েছেন কৃষক বাবুল মোল্লা।
শুক্রবার (০৩ জুলাই) দিবাগত রাতে দুর্বৃত্তরা তার জমিতে প্রবেশ করে অধিকাংশ পাট গাছের মাথা ভেঙে দেয়। এতে পুরো ক্ষেত ব্যাপক ভাবে ক্ষতিগ্রস্ত হয়। এ ঘটনায় প্রায় ৩০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগী কৃষক। উপজেলার মেঘনা খামারপাড়া মাঠে ২০ শতাংশ জমিতে পাটের আবাদ করেছিলেন কৃষক বাবুল মোল্লা। দীর্ঘ দিনের পরিশ্রম আর পরিচর্যায় বড় করে তোলা পাটগাছগুলো কাটার অপেক্ষায় ছিলেন তিনি।
ভুক্তভোগী কৃষক বাবুল মোল্লা বলেন, শুক্রবার বিকেলে অন্যান্য দিনের মতো তিনি পাটক্ষেত দেখে বাড়ি ফেরেন। তখন সবকিছুই স্বাভাবিক ছিল। শনিবার সকাল ৮টার দিকে পাট কাটতে গিয়ে দেখেন, তার ২০ শতাংশ জমির অধিকাংশ পাটগাছ ভেঙে ফেলা হয়েছে। তার দাবি, গ্রামের কয়েকজনের সঙ্গে পূর্ব শত্রুতার জের ধরে পরিকল্পিতভাবে এ ঘটনা ঘটানো হয়েছে।
তিনি আরও বলেন, পাট চাষে তার অনেক শ্রম, সময় ও অর্থ ব্যয় হয়েছে। ফসল ঘরে তোলার ঠিক আগমুহূর্তে এ ধরনের ঘটনায় তিনি চরম ক্ষতির মুখে পড়েছেন। ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের দ্রুত শনাক্ত ও আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।
তিনি বলেন, গত পেঁয়াজের মৌসুমে আমার পেঁয়াজ ক্ষেত বিনষ্ট করে ক্ষতি সাধন করে। অনেক কষ্টে একই জমিতে পাট চাষ করি। এ পাট ক্ষেতও নষ্ট করলো। আমি অপরাধীদের বিচার চাই।
পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মঈনুল ইসলাম বলেন, বিষয়টি জানতে পেরে শনিবার দুপুরে সরেজমিন পাট ক্ষেত পরিদর্শন করেছি। ভুক্তভোগী কৃষকের সাথে কথা বলেছি। সেখানে রাজনৈতিকদলের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন। আসলে ফসলের ক্ষতি করা ন্যাক্কারজনক কাজ। দোষীদের সনাক্ত করে আইনের আওতায় আনা হবে।