৩১শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ১২ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

অবশেষে পদোন্নতি পেলেন আলোচিত ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম

আলোচিত ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলম উপসচিব পদে পদোন্নতি পেয়েছেন। মঙ্গলবার (১৩ আগস্ট) রাতে নিজের ফেসবুক অ্যাকাউন্টে এক স্ট্যাটাসের মাধ্যমে এ তথ্য জানান তিনি।

স্ট্যাটাসে তিনি লেখেন, তিনবার বঞ্চিত হওয়ার পর আজ উপসচিব পদে পদোন্নতি পেলাম। আলহামদুলিল্লাহ্। সকল প্রশংসা মহান আল্লাহর যিনি সর্বোত্তম ফয়সালাকারী।

এদিকে আজ (মঙ্গলবার) সারোয়ার আলমসহ উপসচিব পদে ভূতাপেক্ষ পদোন্নতি পেয়েছেন ১১৭ কর্মকর্তা। তারা পতন হওয়া আওয়ামী লীগ সরকারের আমলে পদোন্নতি বঞ্চিত ছিলেন।

১৪ বছরের বেশি সময় ধরে প্রশাসনে কর্মরত থাকলেও পদোন্নতি হয়নি সারওয়ারের। এর আগে সে সময়ের র‍্যাবের আলোচিত এ নির্বাহী ম্যাজিস্ট্রেট ২০২২ সালে ফেসবুকে স্ট্যাটাস দেয়ার কারণে তিরস্কার সূচক লঘুদণ্ডের শাস্তি পেয়েছিলেন।

২০২১ সালের ৭ মার্চ প্রশাসনের ৩৩৭ জন সিনিয়র সহকারী সচিবকে উপসচিব পদে পদোন্নতি দেয় সরকার। কিন্তু পদোন্নতিবঞ্চিত হন ২৭তম বিসিএসের প্রশাসন ক্যাডারের আলোচিত এ কর্মকর্তা।

পরদিন ৮ মার্চ বিসিএস ২৭তম ব্যাচের এই কর্মকর্তা ফেসবুকে লেখেন, চাকরি জীবনে যেসব কর্মকর্তা-কর্মচারী অন্যায়, অনিয়মের বিরুদ্ধে লড়েছেন তাদের বেশিরভাগই চাকরি জীবনে পদে পদে বঞ্চিত ও নিগৃহীত হয়েছেন এবং এ দেশে অন্যায়ের বিরুদ্ধে অবস্থান নেয়াটাই অন্যায়।

২০২১ সালের ৩০ জুন তার বিরুদ্ধে বিভাগীয় মামলা হয় এবং তার কাছে কৈফিয়ত তলব করা হয়। তবে সারওয়ার আত্মপক্ষ সমর্থনে কোনো লিখিত বক্তব্য দেননি।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top