দুর্নীতি দমন কমিশন (দুদক) ঢাকা ওয়াসার সাবেক ব্যবস্থাপনা পরিচালক তাকসিম এ খানের তথ্য চেয়ে বিভিন্ন দপ্তরে চিঠি দিয়েছে। ওয়াসায় নিয়োগসংক্রান্ত যাবতীয় তথ্য চেয়ে স্থানীয় সরকার সচিবকে চিঠি দিয়েছে সংস্থাটি। এছাড়া তথ্য ও নথি চেয়ে চিঠি দেওয়া হয়েছে ওয়াসায়।
দুদকের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে দুদক তাকসিমের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দিতে ইমিগ্রেশনে চিঠি দিয়েছে। গতকাল সোমবার (১৯ আগস্ট) দুদকের উপপরিচালক সৈয়দ নজরুল ইসলাম স্বাক্ষারিত এই চিঠি পাঠানো হয়।
ইমিগ্রেশন পুলিশকে দেওয়া সেই চিঠিতে বলা হয়, ঢাকা ওয়াসার সাবেক এমডি তাসকিম এ খান বিরুদ্ধে বিভিন্ন প্রকার অনিয়ম, দুর্নীতি ও প্রকল্পের নামে কোটি কোটি টাকা লুটপাট এবং অবৈধ নিয়োগ বাণিজ্যের মাধ্যমে কোটি কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগটি অনুসন্ধান কার্যক্রম চলমান রয়েছে। বিশ্বস্ত সূত্রে জানা যায় যে, নিম্নবর্ণিত ব্যক্তি সপরিবারে দেশত্যাগ করে অন্য দেশে যাওয়ার চেষ্টা করছেন। অনুসন্ধান কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য নিম্নবর্ণিত ব্যক্তির বিদেশ গমন রহিত করা একান্ত আবশ্যক।
এদিকে ওয়াসায় তাকসিম এ খানের নিয়োগ সংক্রান্ত যাবতীয় তথ্য চেয়ে স্থানীয় সরকার, পল্লি উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সচিবকে চিঠি পাঠানো হয়েছে।
ওই চিঠিতে বলা হয়, ওয়াসার সাবেক এমডি তাসকিম এ খান ও অন্যান্যদের বিরুদ্ধে বিভিন্ন প্রকার অনিয়ম, দুর্নীতি ও প্রকল্পের নামে কোটি কোটি টাকা লুটপাট এবং অবৈধ নিয়োগ বাণিজ্যের অভিযোগ রয়েছে।