১২ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | ২৪শে শাবান, ১৪৪৭ হিজরি

ডাকাতদের হাতে নিহত সেনা কর্মকর্তা তানজিম চিরনিদ্রায় শায়িত হলেন

সেনাবাহিনীর যৌথ অভিযান পরিচালনার সময় ডাকাতদের হাতে নিহত সেনা কর্মকর্তা তানজিম ছারোয়ার নির্জনের মরদেহ টাঙ্গাইলে দাফন করা হয়েছে।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, সোমবার (২৩ সেপ্টেম্বর) দিনগত রাত ৩টার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চকরিয়া উপজেলার অন্তর্গত ডুলহাজারা ইউনিয়নের পূর্ব মাইজপাড়া গ্রামে ডাকাতির খবর পেয়ে চকরিয়া আর্মি ক্যাম্প থেকে সেনাবাহিনীর একটি দল ঘটনাস্থলে যায়। পরে ভোর ৪টার দিকে মাইজপাড়া গ্রামে অভিযান পরিচালনা করা হয়। এসময় ৭-৮ সদস্যের একটি ডাকাত দল সেনা টহল দলের উপস্থিতি টের পেয়ে অন্যত্র পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তখন লেফটেন্যান্ট তানজিম ছারোয়ার নির্জন (২৩) ডাকাত দলের কয়েকজনকে তাড়া করেন।

এসময় ডাকাত দলের সদস্যরা তার ঘাড়ে ছুরিকাঘাত করলে তিনি গুরুতর আহত হন। প্রচুর রক্তক্ষরণ শুরু হয়। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে মালুমঘাট মেমোরিয়াল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে পৌর এলাকা করের বেতকা নিজ গ্রামে তার মরদেহ দাফন করা হয়।

এর আগে বাদ আসর স্থানীয় বোয়ালী মাদরাসা মাঠে জানাজা অনুষ্ঠিত হয়। এতে জিওসি ১৯ পদাতিক ডিভিশন ও এরিয়া সদর দপ্তর ঘাটাইল এরিয়া কমান্ডার মেজর জেনারেল হুসাইন মোহাম্মদ মাসীহুর রহমান ও ৯৮ সংমিশ্রিত ব্রিগেড কমান্ডারসহ সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিকেল সাড়ে ৩টার দিকে সেনা কর্মকর্তা তানজিম ছারোয়ার নির্জনের মরদেহ হেলিকপ্টারযোগে টাঙ্গাইল পৌঁছে। জেলা সদরে সার্কিট হাউজের সামনে হেলিপ্যাডে মরদেহ পৌঁছালে সেনাবাহিনীর সদস্যরা মরদেহ গ্রহণ করেন। এরপর তারা মরদেহ পৌর এলাকা করের বেতকা গ্রামে বাড়িতে নিয়ে যান। এসময় সেখানে হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়। নির্জনের মরদেহ দেখে পরিবারের সদস্য ও আত্মীয়-স্বজন এবং প্রতিবেশীরা কান্নায় ভেঙে পড়েন।

নির্জনের প্রতিবেশী ও স্বজনরা জানান, স্কুলজীবন থেকেই নির্জন খুবই মেধাবী ছিলেন। খুবই শান্ত স্বভাবের ছিলেন। কখনো কারও সঙ্গে তাকে খারাপ আচরণ করতে দেখা যায়নি।

সন্ত্রাসীদের হাতে নিহত লেফটেন্যান্ট তানজিম ছারোয়ারের বাবা সরোয়ার জাহান। দুই ভাই-বোনের মধ্যে তানজিম ছিলেন ছোট।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top