১১ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | ২৩শে শাবান, ১৪৪৭ হিজরি

২০৬৪ জন ৪৩তম বিসিএসে নিয়োগ পেলেন

জনপ্রশাসন মন্ত্রণালয় ৪৩তম বিসিএসে দুই হাজার ৬৪ জনকে বিভিন্ন ক্যাডারে নিয়োগ দিয়ে আদেশ জারি করেছে। সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সুপারিশের প্রায় ১০ মাস পর এ নিয়োগ দেওয়া হলো।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের নবনিয়োগ অধিশাখা থেকে মঙ্গলবার (১৫ অক্টোবর) এ নিয়োগ দিয়ে আদেশ জারি করা হয়েছে।

প্রশাসন ক্যাডারে ২৯৩ জন, পুলিশ ক্যাডারে ৯৬ জন, পররাষ্ট্র ক্যাডারে ২৫ জন, নিরীক্ষা ও হিসাব ক্যাডারে ৩২ জন, তথ্য ক্যাডারে ২২ জনসহ বিভিন্ন ক্যাডারে এ কর্মকর্তারা নিয়োগ পেয়েছেন।

নিয়োগ আদেশে নিয়োগপ্রাপ্তদের আগামী ২ নভেম্বরের মধ্যে ক্যাডার নিয়ন্ত্রণকারী মন্ত্রণালয়ের পদায়ন করা কার্যালয়ে যোগদানের জন্য বলা হয়েছে। ক্যাডার নিয়ন্ত্রণকারী মন্ত্রণালয় থেকে পরবর্তী কোনো নির্দেশ না পেলে ওই তারিখেই তিনি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে যোগদান করবেন। নির্ধারিত তারিখে যোগদান না করলে তিনি চাকরিতে যোগদান করতে সম্মত নন বলে ধরে নেওয়া হবে এবং নিয়োগপত্র বাতিল বলে গণ্য হবে।

আদেশে বলা হয়েছে, নিয়োগপ্রাপ্তদের লোকপ্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে বা সরকার নির্ধারিত প্রতিষ্ঠানে বুনিয়াদি প্রশিক্ষণ নিতে হবে। এ প্রশিক্ষণ শেষে চাকরি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে পেশাগত ও বিশেষ ধরনের প্রশিক্ষণ নিতে হবে।

নিয়োগপ্রাপ্তদের দুই বছর শিক্ষাণবিশ হিসেবে কাজ করতে হবে জানিয়ে আদেশে বলা হয়েছে, এসময়ে যদি তিনি চাকরিতে বহাল থাকার অনুপযোগী বলে বিবেচিত হন, তবে কোনো কারণ দর্শানো এবং পিএসসির সঙ্গে পরামর্শ ছাড়াই চাকরি থেকে অপসারণ করা যাবে।

পিএসসির সুপারিশের প্রায় ১০ মাস পর এ নিয়োগ দেওয়া হলো। আর এ বিসিএসের পুরো নিয়োগ কার্যক্রম সম্পন্ন করতে সময় লাগলো প্রায় চার বছর।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top