৯ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ২১শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

গাজীপুরে এম এম নীটওয়্যার লিমিটেড ও মামুন নিটওয়্যার লিমিটেডে ২০০ শ্রমিককে চাকরিতে পুনর্বহাল

গাজীপুর মহানগরীর কোনাবাড়ি এলাকার এম এম নীটওয়্যার লিমিটেড ও মামুন নিটওয়্যার লিমিটেডে চাকরিচ্যুত ২০০ পোশাক শ্রমিককে বৃহস্পতিবার চাকরিতে পুনর্বহাল করা হয়েছে। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) তাদের চাকরিতে পুনর্বহাল করে কারখানা কর্তৃপক্ষ। এর আগে বিভিন্ন অভিযোগে তাদের চাকরিচ্যুত করা হয়।

শ্রমিকদের আন্দোলন ও দাবির প্রেক্ষিতে কারখানা কর্তৃপক্ষ চাকরিচ্যুত শ্রমিকদের সার্ভিস বেনিফিট ফেরত দেওয়ার শর্তে চাকরিতে যোগদানের কথা জানায়।

জানা গেছে, কারখানায় বিশৃঙ্খলা ও ভাঙচুরের অভিযোগে গত ৯ নভেম্বর এম এম নিটওয়্যার লিমিটেড এবং মামুন নিটওয়্যার লিমিটেড ১১৩ জন শ্রমিককে শ্রম আইন অনুযায়ী সব পাওনা পরিশোধ করে চাকরিচ্যুত করে। নিয়মিত শ্রমিকরা দুদিন শান্তিপূর্ণভাবে কাজ করার পর সোমবার (১১ নভেম্বর) থেকে হঠাৎ করে চাকরিচ্যুত শ্রমিকদেরকে চাকরিতে পুনর্বহালের জন্য কর্মবিরতি পালন করে। তাদের বিক্ষোভ ও আন্দোলনের মুখে কারখানা কর্তৃপক্ষ দ্বিতীয় দফায় আরও ৭৭ জনকে চাকরিচ্যুত করলে শ্রমিকরা বিক্ষুব্ধ হয়ে ওঠে। পরে বুধবার (১৩ নভেম্বর) সকালে ক্ষুব্ধ শ্রমিকরা শিল্প পুলিশের এক সদস্য ও কারখানার নিরাপত্তা ইনচার্জসহ বেশ কয়েকজনকে মারধর করে। পরিস্থিতি অশান্ত হয়ে ওঠলে সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

বৃহস্পতিবার সকাল থেকে কর্তৃপক্ষের এ সিদ্ধান্ত মেনে নিয়ে শ্রমিকরা কাজে যোগ দেন। যারা সার্ভিস বেনিফিট ফেরত দিয়েছে শুধু তারাই চাকরিতে যোগদান করতে পারবে। যারা সার্ভিস বেনিফিট ফেরত দেয়নি তাদের বিষয়ে এখনো পর্যন্ত কোন সিদ্ধান্ত হয়নি।

এম এম নিটওয়্যার লিমিটেডের প্রশাসনিক কর্মকর্তা মনোয়ার হোসেন বলেন, চাকরিচ্যুত শ্রমিকদের মধ্যে যারা সার্ভিস বেনিফিট ফেরত দিয়েছেন শুধু তারা কাজে যোগ দিয়েছেন। যারা সার্ভিস বেনিফিট ফেরত দেয়নি তারা কাজে যোগদান করেনি।

প্রসঙ্গত, ৩ নভেম্বর হাজিরা বোনাস, নাইট বিল, টিফিন বিলসহ বিভিন্ন দাবিতে শ্রমিকরা কাজ বন্ধ করে কারখানার অভ্যন্তরে অবস্থান নেন। এ সময় শিল্প পুলিশ ও কারখানা কর্তৃপক্ষ শ্রমিকদের বুঝিয়েও কাজে ফেরাতে পারেনি। পরে কারখানার নিরাপত্তার স্বার্থে কর্তৃপক্ষ বাংলাদেশ শ্রম আইন ২০০৬ এর ১৩ (১) ধারা মোতাবেক অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ ঘোষণা করে। পরে বিশৃঙ্খলা ও ভাঙচুরের অভিযোগে দুই দফায় প্রায় দুই’শ শ্রমিককে চাকরিচ্যুত করেছিল।

 

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top