৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | ২০শে শাবান, ১৪৪৭ হিজরি

ছাত্রদল নেতা পারভেজ হত্যা: প্রধান আসামি মেহেরাজের ৫ দিনের রিমান্ড

নিজস্ব প্রতিবেদক:

রাজধানীর বনানীতে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা জাহিদুল ইসলাম পারভেজ হত্যা মামলায় প্রধান আসামি মেহেরাজ ইসলামের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। শুক্রবার (২৫ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেরা মাহবুবের আদালত এই আদেশ দেন।

র‍্যাবের গোয়েন্দা শাখার সহায়তায় র‍্যাব-১ ও র‍্যাব-১৩-এর যৌথ অভিযানে বুধবার (২৩ এপ্রিল) গাইবান্ধা থেকে তাকে গ্রেফতার করা হয়।

ঘটনার সূত্রপাত হয় গত শনিবার বিকালে। বনানীর প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের সামনে একটি দোকানে শিঙ্গাড়া খাচ্ছিলেন দুই তরুণী, যাদের একজন বিশ্ববিদ্যালয়ের ছাত্র পিয়াসের বান্ধবী। এ সময় ছাত্রদল নেতা পারভেজ তার বন্ধুদের সঙ্গে কথা বলছিলেন ও হাসছিলেন। কেন তিনি হাসছিলেন, তা নিয়ে শুরু হয় প্রশ্ন ও উত্তেজনা। এর জের ধরে পিয়াস, মেহেরাজ ও মাহাথিরের সঙ্গে পারভেজের বাগবিতণ্ডা এবং ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। পরবর্তীতে সেই ঘটনার রেশ ধরে খুন হন পারভেজ।

ঘটনার পর ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এক সংবাদ সম্মেলনে দাবি করেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুই নেতার নেতৃত্বেই এই হত্যাকাণ্ড সংঘটিত হয়।

নিহত পারভেজের মামাতো ভাই হুমায়ুন কবীর বনানী থানায় দায়ের করা মামলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুই নেতাসহ আটজনের নাম উল্লেখ এবং অজ্ঞাতনামা ২৫ থেকে ৩০ জনকে আসামি করেন।

এ মামলায় এরই মধ্যে বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে। গত রোববার রাজধানীর মহাখালী থেকে গ্রেফতার হন কামাল হোসেন, আলভী হোসেন জুনায়েদ ও আল আমিন সানি। পরে মঙ্গলবার গ্রেফতার করা হয় সংগঠনের বনানী থানার যুগ্ম সদস্যসচিব হৃদয় মিয়াজিকে। আদালত তাদের সবাইকে সাত দিনের রিমান্ডে পাঠিয়েছেন।

পুলিশ বলছে, হত্যাকাণ্ডের পেছনের মূল কারণ ও সংশ্লিষ্ট অন্যান্যদের সম্পর্কে তথ্য বের করতে জিজ্ঞাসাবাদ অব্যাহত থাকবে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top